২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বর্ষণে দুর্ভোগে পাবনা পৌরবাসী  

দুদিনের ভারি বর্ষণে পাবনা পৌর এলাকাসহ শহরের অধিকাংশ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 09:28 PM

Updated : 12 Oct 2022, 03:59 PM

অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা ও খালগুলো ময়লা আবর্জনায় ভরপুর থাকায় পাবনা শহরের এ জলাবদ্ধতা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দুদিনের টানা বর্ষণে শহরের শালগাড়িয়া, শিবরামপুর, মাসুমবাজার, বাংলা ক্লিনিকপাড়া, রাধানগর মাঠপাড়া, তালবাগানপাড়া, দোহারপাড়া, যুগিপাড়া ও পাবনা পৌরসভাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পাবনা বিসিকের প্রকল্প পরিচালক জিতেন্দ্র নাথ পাল বলেন, দুই দিনের বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পাবনা বিসিক শিল্প নগরীর রাস্তা ঘাট ও সম্প্রসারিত নতুন এলাকা ডুবে গেছে।

পুরো শিল্প এলাকায় মাটি ভরাট করে ৩/৪ ফুট উঁচু করা হলে জলাবদ্ধতা থেকে রেহাই পাওয়া যাবে বলে জানান তিনি।

পাবনা শিল্প নগরীতে নতুন নতুন কলকারখানা গড়ে উঠলেও ড্রেনেজ ব্যবস্থার তেমন কোন উন্নয়ন হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই এ জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানান নাজমুল হোসেন নামের এক উদ্যোক্তা।  

Image
দুদিনের টানা বর্ষণে জলমগ্ন পাবনা পৌরসভার আমবাগান এলাকা

দুদিনের টানা বর্ষণে জলমগ্ন পাবনা পৌরসভার আমবাগান এলাকা

পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীটি ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানান পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল হাসান রবিন।

৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফ প্রামানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় কয়েক ঘণ্টার বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

এ বছরের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে বলেও তিনি জানান।

শালগাড়িয়ার বাসিন্দা জুলফিকার আলী অভিযোগ করে বলেন, “পৌরসভা হলেও আমরা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জনপ্রতিনিধিরা শুধু ভোটের আগে নানারকম সুযোগ সুবিধার আশ্বাস দিলেও কার্যত কোন ব্যবস্থা গ্রহণ করে না।”

পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু বলেন, পাবনা শহরের বিভিন্ন খাল বন্ধ হওয়ার কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতার সমস্যা সমাধানে ইতিমধ্যেই শহরে নতুন নতুন ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।