বেনাপোলে নারী ও শিশুসহ আটক ২৩
অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ২৩ জনকে আটক করেছে বিজিবি।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার শফিউদ্দিন হাওলাদার জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোলের পুটখালি ও বড়আচড়া-গাতিপাড়া সীমান্ত সড়ক থেকে তাদের আটক করা হয়।
তবে পাচারকারিদের কাউকে আটক করা যায়নি।
আটকের পর তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
কমান্ডার শফিউদ্দিন হাওলাদার আরও জানান, এরা সবাই বাংলাদেশি। ভালো কাজের প্রলোভনে পড়ে এরা ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কলকারখানায় বিভিন্ন ধরনের কাজ করত।
“সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধ পথে দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে।”
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি একটি মামলা করেছে।
