রেশমা হত্যা: স্বজনদের দিকে সন্দেহ পুলিশের
বাবার তিন বিয়ে এবং মায়ের আগের পক্ষের দুই মেয়ে ও তাদের স্বামী-এই পারিবারিক সম্পর্কে স্বার্থগত দ্বন্দ্ব থেকে রাজধানীর মিরপুরে নিজেদের বাসায় কলেজছাত্রী আমেনা খাতুন রেশমা খুন হয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে রেশমার সৎভাই রবিন (২২) এবং যে বাড়িতে মেয়েটি খুন হয়েছেন, সেখানকার নিরাপত্তাকর্মী মিলনকে আটক করা হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, রেশমার বাবা আলমগীর হোসেনের প্রথম স্ত্রীর ছেলে রবিন। বাবার চাকরির সুবাদে পাওয়া মিরপুরের বিসিআইসি স্টাফ কোয়ার্টারে ছোট ভাই রাকিব (২০) ও মাকে নিয়ে থাকেন তিনি।
দ্বিতীয় স্ত্রী মরিয়ম ও তার মেয়েকে নিয়ে মিরপুর ২ নম্বরের রাইনখোলা এলাকার একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন আলমগীর। এই ফ্ল্যাট থেকেই বৃহস্পতিবার দুপুরে রেশমার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
রেশমার মা মরিয়ম বেগমের অভিযোগ, রবিন প্রায়ই তাদের বাসায় এসে হুমকি-ধমকি দিত।
আলমগীরের আগে হামিদ নামে আরেকজনের সঙ্গে সংসার বেঁধেছিলেন মরিয়ম। ওই ঘরে তার দুই মেয়ের বিয়ে হয়েছে বেশ আগে।
মতিঝিলের বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ভবনের চতুর্থ শ্রেণির কর্মচারী আলমগীরের তৃতীয় স্ত্রী খোদেজা বেগম ঝালকাঠি থাকেন। তার ঘরে ছোট দুই সন্তান রয়েছে।
খোদেজাও মাঝেমধ্যে মরিয়ম ও তার মেয়েকে হত্যার হুমকি দিতেন জানিয়ে ওসি সালাউদ্দিন বলেছেন, রেশমা হত্যায় সন্দেহভাজনদের মধ্যে এই নারীও রয়েছেন।
মিরপুরের বিসিআইসি কলেজের শিক্ষার্থী রেশমাকে (২০) বৃহস্পতিবার সকালে ঘুমে রেখে বাসা থেকে বেরিয়ে মিরপুর ২ নম্বরে একটি কাজে যান তার মা মরিয়ম। দুপুরে ফিরে ঘরে ঢুকে মেয়ের গলাকাটা লাশ দেখতে পান তিনি।
মরিয়ম যখন বাসা থেকে বের হন তখন রেশমার বাবা আলমগীর ঘরে ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে স্ত্রী বেরোনোর পরপরই রেশমাকে ঘুমে রেখে অফিসের উদ্দেশ্যে ঘর ছেড়েছিলেন বলে জানান আলমগীর।
মেয়ে হত্যার জন্য রাতেই মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন মরিয়ম। আসামি হিসেবে কারো নাম উল্লেখ না করলেও এজাহারে তিনি রবিন ও খোদেজাকে ঘিরে তার সন্দেহের কথা লিখেছেন বলে জানিয়েছেন ওসি সালাহউদ্দিন।
মরিয়ম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলমগীরের প্রথম ঘরের ছেলে রবিন মাঝে মাঝে আমাদের বাসায় এসে নানা ধরনের হুমকি-ধমকি দিত।”
এসময় সেখানে থাকা আলমগীর তার কথার প্রতিবাদ করে বলেন, “মরিয়ম মিথ্যা কথা বলো কেন, রবিনতো বাসায় আসে না। সেতো বাইরে থেকে আমার সঙ্গে দেখা করে চলে যায়।”
“আমাকে ও মেয়েকে হুমকি দেওয়াই তো তাকে (রবিন) বাসায় ঢুকতে দেই না,” জবাবে বলেন মরিয়ম।
তিনি বলেন, তার সঙ্গে বিয়ে হওয়ার প্রায় দশ বছর পর ঝালকাঠির এক মেয়েকে বিয়ে করেন আলমগীর।
“মাঝে মাঝে ওর (আলমগীর) খোঁজ পাওয়া যেত না। পরে খোঁজ-খবর নিয়ে ঝালকাঠি থেকে তাকে আনা হত। আলমগীরের তৃতীয় স্ত্রী খোদেজা বেগম তখন আমাকে ও আমার মেয়ে রেশমাকে হত্যা করার হুমকি দিত।”
যে বাসায় রেশমা খুন হন সেই ফ্ল্যাটটি মরিয়মের এবং ফ্ল্যাটটি রেশমাকে লিখে দেওয়ার কথা ছিল।
“এই ফ্ল্যাটের কারণেই আমার মেয়েকে হত্যা করা হয়েছে। রেশমাকে হত্যা করা হলেতো আমার অস্তিত্ব থাকবে না। তাই তাকে হত্যা করল,” কান্নাজড়িত কণ্ঠে বলেন মরিয়ম।
হত্যার জন্য কাকে সন্দেহ করছেন জানতে চাইলে তিনি বলেন, “কারে দোষ দিমু? রবিন হুমকি দিত, খোদেজা দিত। এখন কে এ কাণ্ড ঘটালো তা কেমনে কমু?”
বৃহস্পতিবার ঘটনার সময় রেশমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুনেছেন পাশের বাড়ির বাসিন্দারা। এক পর্যায়ে রেশমা ফ্ল্যাটের দক্ষিণ দিকের বারান্দায় গেলে এক নারী লাল ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে টেনে ভিতরে নিয়ে যান প্রত্যক্ষদর্শী এক শিশু পুলিশকে জানিয়েছে।
বাসা থেকে প্রায় সাত ভরি সোনার গহনা ও বেশ কিছু টাকা খোয়া গেছে বলে মরিয়াম জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, “এটি ডাকাতির ঘটনা নয়। রেশমাকে হত্যার উদ্দেশ্যে এসে খুনিরা এসব মালামাল নিয়ে গেছে।”
ভবনের তৃতীয় তলার বাসিন্দা মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ফেব্রুয়ারিতে আলমগীর পরিবার নিয়ে দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেন।
ওসি বলেন, “এই ফ্ল্যাটটি নেওয়ার পর থেকে আলমগীরের অন্য দুই স্ত্রী ও তাদের সন্তানরা মরিয়ম ও তার মেয়েকে হিংসা করতে শুরু করেন। তাদের ধারণা ফ্ল্যাটটি আলমগীর কিনে দিয়েছেন।”
তবে আলমগীর ও মরিয়ম দুজনেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মরিয়মের ভাই-বোন কেউ নেই। নোয়াখালীতে তার গ্রামের বাড়িতে কিছু জমি ছিল, সেটা বিক্রি করে এই ফ্ল্যাটের জন্য টাকা দেওয়া হয়। তবে প্রায় ২৩ লাখ টাকায় ঠিক করা এই ফ্ল্যাটের অর্ধেক টাকা এখনও বাকি রয়েছে।
তিনি বলেন, “ফ্ল্যাটটি আমার নামে এখনও রেজিস্ট্রি হয়নি। কিন্তু আমার মেয়েকে হারালাম এই ফ্ল্যাটের কারণেই।”
ওসি বলেন, মরিয়মের প্রথম স্বামীর ঘরে দুই মেয়ের স্বামীরাও এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।
“অথবা আলমগীরের তৃতীয় স্ত্রী খোদেজা নিজে কোন খুনিকে নিয়ে অথবা ভাড়াটিয়া খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন।
“প্রাথমিকভাবে ঘুরে ফিরে তদন্ত শুধু স্বজনদের দিকেই যাচ্ছে। তারপরও অন্য কিছু রয়েছে কি না তা তদন্তে বেরিয়ে আসবে।”
