২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ভোট: নির্বাচনী ট্রাইব্যুনালে যাননি কোনো মেয়র প্রার্থী

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে অনিয়ম নিয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা বিভিন্ন অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে করে এলেও নির্বাচনী ট্রাইব্যুনালে যান কেউই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 10:45 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

তবে অভিযোগ নিয়ে ২৮ কাউন্সিলর প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার নির্বাচন কমিশন সচিবের কাছে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদাত হোসেন ও বাহাউদ্দিন আহমেদ নির্বাচনী বিরোধ সংক্রান্ত তিন সিটির তথ্য পাঠিয়েছেন। নির্বাচনী বিরোধ নিষ্পত্তি ইসি নয়, নির্বাচনী ট্রাইব্যুনালই করবে। কোনো মেয়র প্রার্থী এ নিয়ে দরখাস্ত দেয়নি ট্রাইব্যুনালে।

ঢাকা ও চট্টগ্রামে যুগ্ম জেলা জজের প্রথম আদালতে ভোটের ফলাফল গেজেটে প্রকাশের পরবর্তী এক মাসের মধ্যে সংক্ষুব্ধরা ট্রাইব্যুনালে মামলা করেছেন।

গত ২৮ এপ্রিল ভোটের পর ৩০ এপ্রিল নির্বাচিতদের গেজেট প্রকাশ করে ইসি।

নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তিন সিটি নির্বাচনে নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিকার চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে এসব মামলা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনাল দরখাস্ত দাখিলের ১৮০ দিনের মধ্যে এবং আপিল হলে পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল তা নিষ্পত্তি করবে।

মনোনয়নপত্র অবৈধ, প্রার্থী নির্বাচিত হওয়ার অযোগ্য, দুর্নীতিমূলক কার্যকলাপ বা বেআইনি আচরণে ফল নেওয়া, নির্বাচনী ব্যয় সীমার অতিরিক্ত খরচ ও কারো যোগসাজশে বেআইনি কাজ করলে তা শুনানি করে ট্রাইব্যুনাল নির্বাচিত প্রার্থীর নির্বাচন বাতিলের ক্ষমতা রয়েছে এ ট্রাইব্যুনালের।

তিনি সিটি নির্বাচনে ৪৮ মেয়র প্রার্থী ও ১১শ’ বেশি কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাস নির্বাচন কমিশনে কয়েক দফা অভিযোগও করেছিলেন। কিন্তু ট্রাইব্যুনালে তারা আর যাননি।

ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম জানান, ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. শাহ আলমের বিরুদ্ধে মোক্তার হোসেন; ২৮ নং ওয়ার্ডে  মো. ফোরকান হোসেনের বিরুদ্ধে মো. শিবলী সাদেক; ১০ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা ইতির বিরুদ্ধে নাজমা কবির ও ১১ নং ওয়ার্ডে কাউসার জাহানে রোজি জয়ীতা মামলা করেছেন।

ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহের সরোয়ার মোর্শেদের বিরুদ্ধে মো. মনির হোসেন;  ২১ নং ওয়ার্ডের এম এ হামিদ খানের বিরুদ্ধে খাজা হাবিবুল্লাহ হাবিব; ৪ নং ওয়ার্ডের মো. গোলাম হোসেনের বিরুদ্ধে মো. মাসুদ হাসান; ৬ নং ওয়ার্ডর মো. সিরাজুল ইসলাম ভাট্ট্রির বিরুদ্ধে শামসুল হুদা; ২৬ নং ওয়ার্ডের মো. হাসিবুর রহমানের বিরুদ্ধে মতিউর রহমান জামাল; ৩১ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম রাসেলের বিরুদ্ধে শেখ মো. আলমগীর; ৩৪ নং ওয়ার্ডের মীর সমীরের বিরুদ্ধে শেখ মামুন; ৩৫ নং ওয়ার্ডের হাজী মো. আবু সাঈদের বিরুদ্ধে গোলাম মোস্তফা ;  ২৪ নং ওয়ার্ডের মোশারফ হোসেনের বিরুদ্ধে মো. দেলোয়ার হোসেন এবং ২৮ নং ওয়ার্ডের মো. আনোয়ার পারভেজের বিরুদ্ধে মো. কামাল উদ্দিন কাবুল নির্বাচনী ট্রাইব্যুনালে গেছেন।

যুগ্ম জেলা জজ শাহাদত হোসেন নির্বাচন কমিশন সচিবের কাছে এ সংক্রান্ত তথ্য অবগতির জন্যও পাঠিয়েছেন।

চট্টগ্রাম সিটিতে নির্বাচনী ট্রাইব্যুনালে গেছেন ১৪ প্রার্থী। তারা হলেন, ২ নং ওয়ার্ডের আলহাজ শফিকুল ইসলাম, ২৫ নং ওয়ার্ডের আবদুস সবুর লিটন, ৪ নং ওয়ার্ডের মাহবুবুল আলম, ১৮ নং ওয়ার্ডর মোহাম্মদ তৈয়ব, ৩৬ নং ওয়ার্ডের-মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ২২ নং ওয়ার্ডের মো. আবদুল মালেক, ২৬ নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ডের ফরিদ আহাম্মদ চৌধুরী, ২৮ নং ওয়ার্ডের নজরুল ইসলাম বাহাদুর ৯ নং ওয়ার্ডের আবদুস সাত্তার সেলিম, সংরক্ষিত ওয়ার্ড-৮ এর রেখা আলম চৌধুরী, আরজুন নাহার মান্না ও সংরক্ষিত ১ নং ওয়ার্ডের ফেরদৌস বেগম মুন্নী ।

চট্টগ্রামের যুগ্ম জেলা জজ বাহাউদ্দিন আহমেদ এ বিষয়ে কমিশন সচিবকেও অনুলিপি পাঠিয়েছেন।

গোপালগঞ্জে বিচারকের কাছে জবাব চাইছে ইসি

নির্ধারিত সময়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি না হওয়ায় গোপালগঞ্জে এক বিচারকের কাছে লিখিত বক্তব্য চেয়েছে নির্বাচন কমিশন।

চলতি সপ্তাহে ইসির আইন শাখার উপ সচিব সেলিম মিয়া ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যুগ্ম জেলা জজ মেহেদী আল মাসুদকে লিখিত জবাব দিতে চিঠি দিয়েছেন।

টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেনর আবেদনের পরিপ্রেক্ষিতে ইসির চিঠিতে বলা হয়, নির্বাচন বিরোধ সংক্রান্ত এ সংক্রান্ত দরখাস্ত নিষ্পত্তির এখতিয়ার নির্বাচনী ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনালের। কমিশন তা নিষ্পত্তি করতে পারে না। এক্ষেত্রে বিষযটি এক ট্রাইব্যুনাল থেকে অন্য কোনো ট্রাইব্যুনালে বদলি করা যেতে পারে।

“নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকককের কাছে লিখিত বক্তব্য চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।”

গত বছর ট্রাইব্যুনালে প্রার্থী কামাল হোসেন অভিযোগ করেছিলেন, তার মনোনয়নপত্র ছাড়া সবার মনোনয়নপত্র অবৈধ ছিল।

পুরনো খবর:

নিয়মে চাপা পড়ছে ভোটে অনিয়মের সব অভিযোগ