২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়ান গার্মেন্টের শ্রমিকদের বেতন দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বন্ধ সোয়ান গার্মেন্টের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 10:06 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

তাদের অন্য দাবির মধ্যে এই কারখানার শ্রমিকদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মিছিল-সমাবেশ করেন সোয়ান গার্মেন্টের শ্রমিকরা।

সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে রওনা হলে হাই কোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশের বাধা পেরিয়ে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে হাই কোর্ট ও কার্জন হলের মোড়ে আবার তাদের বাধা দেয় পুলিশ। এ সময় রাস্তায় বসে বিক্ষোভ করেন শ্রমিকরা। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান নেওয়ার পর মিছিলটি আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

সমাবেশ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।

সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, “সোয়ান গার্মেন্ট শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানের জন্য শেষ চেষ্টা হল প্রধানমন্ত্রীকে জানানো, যাতে করে প্রধানমন্ত্রী নিজস্ব তহবিল থেকে হলেও সোয়ান গার্মেন্ট কর্মীদের ঈদ করার ব্যবস্থা করেন।”

আইন অনুযায়ী মাস শেষ হওয়ার সাত কর্ম দিবসের মধ্যে বেতন পরিশোধ করার কথা থাকলেও বেশিরভাগ গার্মেন্ট মালিকরা তা করছে না বলেও অভিযোগ করেন তিনি।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদিকুর রহমান শামীমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের সহ-সভাপতি মাহাবুব আলম, কাজী রুহুল আমীন, জিয়াউল কবীর খোকন, ইকবাল হোসেন, কেএম মিন্টু, এমএ শাহীন, মঞ্জুর মঈন, নুরুল ইসলাম, শেখ ফরিদ, মিনারা বেগম, হযরত আলী প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিনা নোটিশে গত ১০ এপ্রিল থেকে সোয়ান গ্রুপ এর সোয়ান গার্মেন্টস প্রাইভেট লিমিটেড ও সোয়ান জিনস লিমিটেড কারখানা দুটি বন্ধ করে রাখা হয়েছে। এতে এক হাজার তিনশ’র বেশি শ্রমিক পরিবার-পরিজন নিয়ে বিপদে পড়েছেন।

তাদের পাওনা পরিশোধের দাবিতে কয়েক দফা শ্রম মন্ত্রণালয় ও বিজিএমইএ ঘেরা কর্মসূচি পালন করা হলেও তাতে কোনো ফল মেলেনি জানান তারা।

সমস্যার সমাধান না করে উল্টো উদ্দেশ্যমূলকভাবে গত ৩০ জুন ইসলামী ব্যাংক সোয়ানের শ্রমিকদের বিরুদ্ধে  মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ করা হয় সমাবেশ থেকে।

সোয়ান গার্মেন্টের জমিসহ সব কিছু নিলামে দিয়ে হলেও শ্রমিকদের বেতন-ভাতার ব্যবস্থা করার দাবি জানান টিইউসির নেতারা।