২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর এক ছিটের গণনা শেষ, ভারত যাবে না কেউ

নীলফামারীর চার ছিটমহলের মধ্যে একটির জনগণনা শেষ হয়েছে, যার বাসিন্দাদের কেউই ভারত যাচ্ছে না।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 08:07 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার জনগণনাকারী দলের সদস্য ও ডিমলা উপজেলার বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলফামারীর চারটি ছিটমহলের মধ্যে বৃহস্পতিবার ৩০ নম্বর গিলাইদহ ছোট খানকি ছিটমহলের জনগণনা সম্পন্ন হয়েছে।

“এই ছিটমহলে মোট ৮টি পরিবারের সদস্য সংখ্যা ৪২ জন। এদের সবাই বাংলাদেশে বসবাসের জন্য নিবন্ধন করেছেন।”

বাংলাদেশ ও ভারতের ভেতরে থাকা ১৬২টি ছিটমহলের বাসিন্দাদের সংখ্যা ও তাদের নাগরিকত্ব নির্ধারণে গত ৬ জুলাই থেকে যৌথ জরিপ শুরু হয়েছে।

বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহলে ৬৮ জন এবং ভারতে বাংলাদেশি ৫১টি ছিটমহলে ৩৪ সদস্যের যৌথদল গণনায় অংশ নিচ্ছেন।

১৬ জুলাই জরিপ শেষ হওয়ার পর ৩১ জুলাই থেকে ছিটমহল বিনিময় শুরুর কথা রয়েছে।