ঢাবিতে হিযবুতের প্রচারপত্র বিলিতে ৫ ছাত্র বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর প্রচারপত্র বিতরণের জন্য পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নূরে আলম মো. সিহাব উদ্দিন ও মো. সাইদি হাসান সজীব, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্নাতকোত্তররের ছাত্র তরিকুল ইসলাম, স্নাতকের নকিব ফারহান ও মো. আলমগীর হোসেন।
সিহাব সূর্যসেনর হলের এবং সজীব বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।
সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, ওই পাঁচজন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের বিভিন্ন কক্ষে গিয়ে হিযবুত তাহরীর প্রচারপত্র ও সিডি বিতরণ করেন, যা সিসি টিভির ফুটেছে দেখা গেছে।
“বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করেছে যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের পরিপন্থি বিধায় এই ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুনের শেষদিকে সিহাব উদ্দিন ও সাইদি হাসান সজীবের বিজনেস স্টাডিজ অনুষদে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের দৃশ্য ভবনের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে।
পরে ৭ জুলাই সিহাবের সঙ্গে তরিকুল, নকিব ও আলমগীরকে প্রচারপত্র বিলি করতে দেখা গেছে সিসি টিভির ফুটেজে।
