২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের আগাম টিকেট: ভিড় নেই চট্টগ্রামে

ঈদের আগাম টিকেট বিক্রির প্রথম দিন সকালে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 02:13 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

সকাল থেকে যে শখানেক যাত্রী সাতটি কাউন্টারে লাইনে ছিলেন, তারা ঘণ্টাখানেকের মধ্যেই টিকেট নিয়ে ফিরে গেছেন।

ঢাকা ও সিলেটের মতো চট্টগ্রামেও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রেলের আগাম টিকেট বিক্রি শুরু হয়। প্রথম দিন দেয়া হয় ১৩ জুলাইয়ের টিকেট।

সকাল পৌনে ৯টায় চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে শ’খানেক টিকেটপ্রত্যাশীকে বিভিন্ন কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানো দেখা যায়।

এক থেকে সাত নম্বর কাউন্টার টিকেট বিক্রি শুরু হয় ৯টায়। এক ঘণ্টার মধ্যেই কাউন্টারগুলো ক্রেতাশূন্য হয়ে পড়ে। পরপর মাঝে মধ্যে দুই-একজন যাত্রী এসে নির্বিঘ্নেই টিকেট নিয়েছেন।

টিকেট কিনতে আসা মো. দবির হোসেন বলেন, “গতবারের তুলনায় এবার অনেক সহজে টিকেট পেয়েছি। লাইনে দাঁড়িয়ে কোনো ঝক্কি-ঝামেলা পোহাতে হয়নি।”

পূর্বাঞ্চল রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমান জানান, ঈদ উপলক্ষ্যে প্রতিদিন বিভিন্ন গন্তব্যের মোট ছয় হাজার ১০০ টিকেট বিক্রি করা হবে।

“এর মধ্যে ২৫ শতাংশ ইন্টারনেট ও মোবাইলে বুকিং দেওয়া, ভিআইপি পাঁচ শতাংশ ও রেলওয়ের কর্মকর্তাকর্মচারীদের জন্য পাঁচ শতাংশ টিকেট বরাদ্দ আছে।”

পূর্বাঞ্চল রেলওয়ে সাধারণত প্রতিদিন ১০ থেকে ১২ হাজার যাত্রী পরিবহন করলেও ঈদে তা ১৫ থেকে ১৬ হাজারে উন্নীত হতে পারে বলে মিজানুর রহমান জানান।

তিনি বলেন, প্রথম দিন তেমন ভিড় না থাকলেও দ্বিতীয় দিন থেকে ভিড় বাড়তে পারে।

চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ জানান, টিকেট কালোবাজারি ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা টহলে আছেন। এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে র‌্যাব সদস্যরাও আছেন।

এবার আন্তঃনগর ট্রেনের তাপানুকূল শ্রেণির টিকেট নেওয়ার ক্ষেত্রে যাত্রী তথ্য ফরম পূরণ করতে হবে বলে স্টেশন ম্যানেজার জানান।

এতে টিকেট সংগ্রহকারীর নাম, মোবাইল নম্বর, ভ্রমণকারী যাত্রীর নাম, যাত্রী সংখ্যাসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

আগামী ১০ জুলাই ১৪ তারিখের, ১১ জুলাই ১৫ তারিখের, ১২ জুলাই ১৬ তারিখের এবং ১৩ জুলাই ১৭ তারিখের টিকেট বিক্রি করবে রেলওয়ে পূর্বাঞ্চল।

তবে ১৭ তারিখে ঈদের চাঁদ দেখা না গেলে ওইদিন রাতে ১৮ জুলাইয়ের টিকেট দেওয়া হবে।

ঈদ ‍উপলক্ষে এবার পূর্বাঞ্চলে যুক্ত হয়েছে ‍চাঁদপুর স্পেশাল-১ ও স্পেশাল-২ নামের দুটি ট্রেন। ১৫ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশেষ এই দুটি ট্রেন।

এর মধ্যে প্রথমটি সকাল সাড়ে ১০টায় ও দ্বিতীয়টি বিকেল তিনটায় চট্টগ্রাম ছেড়ে যাবে।