২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিল আইডিয়ালে বিশেষ পরিচালনা পর্যদ

নির্বাচন নিয়ে জটিলতার পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিশেষ পরিচালনা পর্যদ গঠন করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়; যেই পর্যদ শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 11:29 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বিমানমন্ত্রী রাশেদ খান মেননের আধা-সরকারি পত্রের (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে তাকে সভাপতি করেই বুধবার সাত সদস্যের এই পর্যদ অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বেশ কয়েক বছর থেকেই মতিঝিল আইডিয়ালের পরিচালনা পর্যদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

গত ৫ জুন এই স্কুল অ্যান্ড কলেজে পরিচালনা পর্যদের সদস্য পদে নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচিত সদস্যরা পরিচালনা পর্যদের সভাপতি মনোনয়ন করেন।

তবে ‘ডোনার ক্যাটাগরিতে’ কয়েকজন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করায় হাই কোর্টে রিট আবেদন করেন তারা। তার আলোকে হাই কোর্ট ৫ জুনের নির্বাচন স্থগিত করে জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।

এরপর কয়েক গ্রুপের দ্বন্দ্বের মুখে পরিচালনা পর্যদ নির্বাচন নিয়ে এগোতে পারেনি মতিঝিল আইডিয়াল কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তিতে বিভিন্ন সময় ভর্তি বাণিজ্যের অভিযোগ রয়েছে।

বিশেষ পর্যদে অভিভাবক সদস্য ক্যাটাগরিতে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর এবং ব্যবসায়ী জাহিদুল ইসলাম টিপুকে রাখা হয়েছে।

কলেজ শাখা থেকে মুনীর জাদী কাফিয়া আলম এবং স্কুল শাখার মো. রফিকুল ইসলামকে রাখা হয়েছে শিক্ষক প্রতিনিধি হিসাবে।

আর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগমকে করা হয়েছে পরিচালনা পর্যদের সদস্য সচিব।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, “বিশেষ ধরনের এই পরিচালনা পর্যদ প্রতিষ্ঠানটিতে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে না।”