রাজধানীতে চুরি-ডাকাতির অভিযোগে গ্রেপ্তার চার
রাজধানীতে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে একজন এবং ভাটারা থানার নুরের চালা বোর্ডঘাট থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে ভাটারা থানার ওসি মো. নুরুল মোত্তাকিন জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. আলী অনিক (২৬), মোশারফ হোসেন, আল-আমিন ও রাজমিন মিয়া।
ওসি নুরুল মোত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ মে রাজধানীর বসুন্ধরা থেকে আট লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ আরও কিছু গহনা চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়।
“অনিককে হালুয়াঘাট থেকে হীরার আংটি, একটি সোনার চেইন ও দুটি লকেটসহ গ্রেপ্তার করা হয়।”
অনিক ওই বাসার বাবুর্চি ছিলেন বলেও জানান ওসি।
অপর তিনজনকে ২০ জুন ভোরে দক্ষিণ দুয়ারী এলাকার এক বাসায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় বলেও জানান ওসি।
“লুন্ঠিত কিছু মালামালসহ তাদের ভাটারা থানার নুরের চালা বোর্ডঘাট থেকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
