চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে বাধা, হামলা
চট্টগ্রামে বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় উচ্ছেদ অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার বিকালের দিকের এ ঘটনার পর ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
তবে এতে কেউ আহত হয়নি বলে আদালত পরিচালনাকারী বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে ওই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়। সেখানে রাস্তার পাশে প্রায় দুই শতাধিক দোকান অবৈধভাবে বসানো রয়েছে।
“বিকেল পর্যন্ত পোর্ট কলোনির ১, ৩ ও ৪ নম্বর সড়কের পাশের প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। আমরা যাওয়ার আগে কিছু দোকান নিয়ে ব্যবসায়ীরা সরে পড়ে। বেলা ২টা পর্যন্ত প্রায় একশ দোকান উচ্ছেদ করি। ফেরার সময় এসব দোকানের মালিকরা আমাদের লক্ষ্য করে ইট ছোড়া শুরু করে।”
এসময় ভ্রাম্যমাণ আদালতের দলটির সঙ্গে থাকা পুলিশ সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি সামাল দেয় বলে জানান ম্যাজিস্ট্রেট আবুল হাশেম।
