২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা: এক অভিযোগপত্র আমলে, হত্যা মামলার সিদ্ধান্ত ১৫ অগাস্ট

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 09:11 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

তবে ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার চার আসামি সরকরি কর্মকর্তা হওয়ায় এবং তাদের ক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকায় পুলিশের তদন্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেনি।

ওই চার কর্মকরতার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন জমা দেওয়া সাপেক্ষে অভিযোগপত্র নেওয়ার জন্য বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীনূর রহমান ১৮ অগাস্ট দিন রেখেছেন।   

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি) সহকারী সুপার বিজয়কৃষ্ণ কর গত ১ জুন ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ দুই মামলায় অভিযোগপত্র দেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও হাজারখানেক শ্রমিক যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।

ভবন ধসে প্রাণহানির ঘটনায় প্রথমে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। সোহেল রানাসহ ২১ জনকে এজাহারে আসামি করা হয়।

তবে তদন্ত কর্মকর্তা ৪১ জনকে আসামি করে যে অভিযোগপত্র দিয়েছেন, তাতে আসামিদের বিরুদ্ধে ‘পরিকল্পিত মৃত্যু ঘটানো’সহ দণ্ডবিধির ৩০২, ৩২৬, ৩২৫, ৩৩৭, ৩৩৮, ৪২৭, ৪৬৫, ৪৭১, ২১২, ১১৪, ১০৯, ৩৪ ধারায় বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে।

ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে রানাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় অন্য মামলাটি করা হয়, যার তদন্তে ভবনের নকশায় ত্রুটি, অনুমোদন না নিয়ে উপরের দিকে সম্প্রসারণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের তথ্য উঠে আসে।

১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় দেওয়া এ মামলার অভিযোগপত্রে মোট ১৮ জনকে আসামি করেন তদন্ত কর্মকর্তা।

হত্যা মামলার ৪১ আসামির মধ্যে ২৪ জন পলাতক। আর ইমারত বিধির মামলায় ১৮ আসামির মধ্যে পলাতক আছেন ছয়জন। রানা, তার বাবা আবদুল খালেক ওরফে কুলু খালেক ও মা মর্জিনা বেগমসহ ১৭ জন দুই মামলাতেই আসামি হওয়ায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪২ জন।

হত্যা মামলার অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ৫৯৪ জন এবং ইমারত বিধির মামলায় ১৩০ জনকে সাক্ষী করা হয়েছে।