নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে সংঘর্ষ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া তিতাস গ্যাস কর্মচারীদের একটি গাড়ি ভাংচুর করার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী।
সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা এ সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ ও এলাকাবাসী।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, “অন্তত ৫০ থেকে ৬০ রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়া হয়েছে।
“আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী ৫ জনকে আটক করেছে পুলিশ।”
পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়েক দফা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পরও শহরতলীর সোনাতলা গ্রামের লোকজন পুনরায় বাসায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়।
খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুর ১২টার দিকে এসব সংযোগ বিচ্ছিন্ন করতে যায়।
এসময় এলাকাবাসী জড়ো হয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে।
এ সময় ইটপাটকেল ও লাঠির আঘাতে পুলিশসহ স্থানীয় অন্তত ২০ জন আহত হয় বলে এলাকাবাসী জানায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ জানান, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।
