জাল স্ট্যাম্প বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন
জাল স্ট্যাম্প বিক্রি ও সংরক্ষণের দায়ে দুই জনকে যাবজ্জীবন এবং এক জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দিনাজপুরের একটি আদালত।
বুধবার বিকালে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ মো. মাহমুদুল করিম এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন, আদালত এলাকার ভাই ভাই স্ট্যাম্প ভেন্ডারের মালিক ইব্রাহিম হোসেন ও মাহবুব স্ট্যাম্প ভেন্ডারের মালিক মাহবুবুর রহমান।
১০ বছর দণ্ড পেয়েছেন মাহবুব স্ট্যাম্প ভেন্ডারের কর্মচারী আইয়ুব আলী।
ওই আদালতের এপিপি মেহেরুল ইসলাম মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০২ সালের ২৬ ডিসেম্বর দিনাজপুর আদালত এলাকার ভাই ভাই স্ট্যাম্প ভেন্ডার এবং মাহবুব স্ট্যাম্প ভেন্ডারে অভিযান চালিয়ে ৫ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যের লক্ষাধিক টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করে সিআইডি পুলিশ।
এই ঘটনায় দিনাজপুর সিআইডি জোনের পরিদর্শক নারায়ণ চন্দ্র বাদী হয়ে ভাই ভাই স্ট্যাম্প ভেন্ডারের মালিক ইব্রাহিম হোসেন, মাহবুব স্ট্যাম্প ভেন্ডারের মালিক মাহবুবুর রহমান ও তার দোকানের কর্মচারী আইয়ুব আলীকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
