২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীনে অগ্নিকাণ্ড: অভিযোগ গঠন পেছাল

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক শ্রমিককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মামলায় অভিযোগ গঠনের শুনানি আসামিপক্ষের সময়ের আবেদনে পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 05:28 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ এম কুদ্দুস জামান সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৩ অগাস্ট অভিযোগ গঠনের জন্য নতুন দিন ঠিক করে দিয়েছেন।

আসামিপক্ষের এক আইনজীবী অন্য মামলার শুনানিতে ব্যস্ত থাকায় তার অনুপস্থিতিতে এ শুনানি করা সম্ভব নয় যুক্তি দেখিয়ে অপর আইনজীবী আবু বকর ফরহাদ শুনানি পেছানোর এই আবেদন করেন।

২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১১ জনের মৃত্যুর হয়। আহত হন ১০৪ শ্রমিক।

এরপর তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাসহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

২০১৩ সালের ২ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মহসীন উজ্জামান খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যাতে দেলোয়ার ও তার স্ত্রীসহ ১৩ জনকে আসামি করা হয়।

বাকি আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, কারখানা ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু ও প্রশাসনিক কর্মকর্তা দুলাল।

এছাড়া স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, ইনচার্জ আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল, স্টোর ইনচার্জ আল-আমিন ও লোডার শামীম মিয়ার নামও অভিযোগপত্র রয়েছে।

এদের মধ্যে তাজরীনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার এবং তার স্ত্রী চেয়ারম্যান মাহমুদা আক্তার, দুলাল, লাভলু, আল-আমিন, আনিসুর ও আল-আমিন (২) জামিনে রয়েছেন।

আর মাহবুবুল আলম মোর্শেদ, আব্দুর রাজ্জাক, শহীদুজ্জামান দুলাল, মোবারক হোসেন মঞ্জু নামে চারজন পলাতক।

জামিনে থাকা রানা ওরফে আনারুল ও মো. শামীম গত ১৬ জুন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।