মাগুরায় ট্রাকের ধাক্কায় কর্ভাড ভ্যান চালক নিহত
মাগুরা সদর উপজেলায় নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় একটি কভার্ড ভ্যানের চালক নিহত এবং ট্রাক চালকের সহকারীসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে বেলনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাগুরা হাইওয়ে পুলিশের এসআই রশিদুল ইসলাম জানান।
নিহত রবিন কুমারের বাড়ি শালিখা উপজেলার সীমাখালি গ্রামে।
আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চালকের সহকারীর নাম ইসমাইল হোসেন। অন্যজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ সদস্য রশিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাস্তার পাশে থেমে ভ্যানের চাকা ঠিক আছে কিনা তা দেখছিলেন চালক রবিন।
এ সময় ওই পথ দিয়ে দ্রুতবেগে আসা ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে তার বাহন পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় ট্রাকটির একপাশও দুমড়েমুচড়ে গেছে। আহত আরেকজন পথচারী ছিলেন নাকি আরোহী ছিলেন তা জানা যায়নি।
এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা করেছে পুলিশ।
