চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে, যিনি সীমান্ত পার হয়ে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করছে বিজিবি।
নিহত মোহাম্মদ আশরাফুল (৪০) উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার রঘুনাথপুর সীমান্তের লক্ষ্মীপুর চর এলাকায় পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল বজলুল বলেন, সকাল ৯টার দিকে পদ্মা নদীর লক্ষ্মীপুর চর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়।
খবর পেয়ে বিজিবি গিয়ে আশরাফুলের লাশটি শনাক্ত করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আশরাফুলের পিঠে গুলির চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, আশরাফুল বুধবার রাতে রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওই সময় পশ্চিমবঙ্গের ২০-বিএসএফ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করে, যাতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। পরে লাশটি পদ্মা নদীতে ভেসে বাংলাদেশ সীমান্তে চলে আসে।
বিজিবি অধিনায়ক বজলুল বলেন, এ ঘটনায় বিজিবি বিএসএফকে প্রতিবাদ পত্র পাঠিয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে।
