২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সালিশ থেকে তাড়া দিয়ে কুপিয়ে হত্যা

নেত্রকোণার পূর্বধলায় সালিশ থেকে তাড়া দিয়ে প্রতিপক্ষরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 09:05 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

পূর্বধলা থানার ওসি শওকত আলী জানান, শনিবার দুপুরে উপজেলার দেবকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন (৪০) উপজেলার চুরেরভিটা গ্রামের প্রয়াত এলাহি নেওয়াজের ছেলে।

ওসি বলেন, আমিনের প্রতিপক্ষরা সালিশ থেকে তাকে তাড়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর লাশ বস্তায় ভরে কংস নদীতে ফেলে দেয় বলে অভিযোগ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

অভিযোগের পর স্থানীয়দের সহায়তায় জাল ফেলে লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শওকত বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০/২৫ দিন আগে রুহুল আমিনের সঙ্গে দেবকান্দা গ্রামের আব্দুল হামিদের কথা কাটাকাটি হয়।

এরপর শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামবাসীর মধ্যে বিরোধ মিমাংসায় দেবকান্দা গ্রামে একটি সালিশ বসলে তাতে আমিন ও হামিদ দুজনেই উপস্থিত হন। সালিশের এক পর্যায়ে হামিদের ভাই গণিসহ ৩০/৪০ জন আমিনকে তাড়া করে এ হত্যাকাণ্ড ঘটায়।

পুলিশ কর্মকর্তা শওকত বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।