চট্টগ্রামে বাসে তল্লাশি করে ৪৭০০ ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তিন যাত্রীর কাছ থেকে মোট ৪ হাজার ৭০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন- রশিদ আহমেদ (৩০), হুমায়রা আক্তার রিপা (২৫) ও তারেক হুমায়ান ওরফে লিটন (২০)।
এদের মধ্যে রশিদ কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালী পাড়ার হোসেন আলীর ছেলে। হুমায়রা রাজশাহী জেলার রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে। রশিদ সম্পর্কে হুমায়রার তালত ভাই।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে গ্রিন লাইন সার্ভিসের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন রশিদ ও হুমায়রা। রাত আড়াইটায় কর্ণফুলী সেতু এলাকায় ওই বাসে তল্লাশি চালালে রশিদের কাছে ২ হাজার ও হুয়ামরার কাছে ৯০০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তার অন্য জন লিটন কক্সবাজার জেলার হাজীপাড়ার সুলতান আহমেদের ছেলে।
ওসি মহসিন বলেন, গ্রিন লাইনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসে লিটন ঢাকা যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে তল্লাশি চালিয়ে লিটনের কাছে থাকা একটি বইয়ের ভেতরে কৌশলে রাখা এক হাজার আটশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
