কুয়াকাটায় ৬ ভারতীয় জেলে আটক
বাংলাদেশের জল সীমানায় অনুপ্রবেশ করায় পটুয়্খালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ছয় ভারতীয় জেলেকে আটক করেছে নৌ পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে থেকে তাদের আটক করা হয়।
এ সময় একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, যোগরাজ (৬০), আম্বুরিয়া (৫০), মিশেল (৩৭), নেনদিস (২৮), আন্দুরাজ (২০) ও রমেশ (১৭)।
এদের মধ্যে গুরুতর অসুস্থ রমেশকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কুয়াকাটা নৌ-ফাঁড়ি পুলিশের এসআই সঞ্জয় মন্ডল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃত জেলেদের ভাষা বুঝতে না পারায় সঠিক ভাবে বলা যাচ্ছে না কি উদ্দেশ্যে তারা ট্রলারসহ বাংলাদেশের জল সীমানায় ঢুকেছে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের বাড়ি ভারতের অন্ধ্র প্রদেশে বলে জানিয়েছে।
“ট্রলারে মাছ ধরা অবস্থায় বৈরী আবহাওয়ায় দিক হারিয়ে এবং ট্রলারের জ্বালানি ফুরিয়ে যাওয়া তারা ভাসতে ভাসতে কুয়াকাটায় এসে পৌঁছে বলে ধারণা করা হচ্ছে।”
ট্রলারে খাবার না থাকায় রমেশ অসুস্থ হয়ে পড়েছে বলেও জানান ওসি।
