জমি নিয়ে বিরোধে পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।
সাদুল্লাপুর থানা ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, শনিবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের জল্লাদুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অনীল চন্দ্র সরকার ওরফে মংলু ডাক্তার উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা সোনারপাড়া গ্রামের মহেন্দ চন্দ্র সরকারের ছেলে।
এ ঘটনায় মালেকা বেগম (৫৫) ও সুরকী বেগম (২৮) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে এক জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমকপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি ফরহাদ বলেন, এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে মংলু ডাক্তারের সঙ্গে একই গ্রামের সিদ্দিক আলীর বিরোধ চলছে। সম্প্রতি বিরোধপূর্ণ ওই জমিতে মংলু ডাক্তার ঘর নির্মাণ শুরু করলে দুই পক্ষের মধ্যে সমঝোতার জন্য সালিশ বৈঠক হয়। কিন্তু তারপরও বিষয়টির সমাধান হয় নাই।
“শনিবার সকালে সিদ্দিক আলী ও তার লোকজন ওই জমিতে ঘর নির্মাণ করতে যায়। খবর পেয়ে মংলু ডাক্তার ও তার লোকজন বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান মংলু। আহত হয় আরও পাঁচ জন।”
