নির্বাহী হাকিমদের সাজা দেওয়ার ক্ষমতা না বাড়ানোর দাবি বার কাউন্সিলের
মোবাইল কোর্ট এ্যাক্ট, ২০০৯ সংশোধন করে নির্বাহী হাকিমদের সাজা প্রদানের বর্তমান ক্ষমতা কোনো অবস্থায় না বাড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বার কাউন্সিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
খন্দকার মাহবু্ব জানান, ভ্রাম্যমাণ আদালত আইন পরিবর্তন করে এর ক্ষমতা বৃদ্ধির যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, তা বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে মাসদার হোসেন মামলার আলোকে পৃথক করার ঐতিহাসিক সিদ্ধান্তের পরিপন্থি।
তিনি অভিযোগ করেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করায় বিচার বিভাগের ওপর নির্বাহী কর্তৃত্ব খর্ব হওয়ার পর থেকে নির্বাহী ভাগ বিভিন্নভাবে বিচার বিভাগে তাদের প্রাধান্য রাখার প্রচেষ্টা করে যাচ্ছে। যার ফলে ২০০৯ সালে মোবাইল কোর্ট এ্যাক্ট-এ নির্বাহী হাকিমদের বিচারিক ক্ষমতা ও সাজার পরিমাণ বর্তমান সরকার বাড়ানোর বিধান করে।
“যদি কোনো আসামি দোষী সাব্যস্ত হয় তাহলে দুই বছর সাজাসহ জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়। এটি বিচার বিভাগ হতে নির্বাহী বিভাগ পৃথক করার মূলনীতি পরিপন্থি।”
মাহবুব জানান, ইতোপূর্বে নির্বাচন সংক্রান্ত অপরাধের বিচার মোবাইল কোর্টে নেওয়ার যে বিধান করা হয়েছিল তা সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়।
তিনি বলেন, “বর্তমান জনসমর্থনবিহীন সরকার নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীল। তাই প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতা বৃদ্ধির ব্যাপারে তাদের যে দাবি তা পূরণ করার জন্যে ২০০৯ সালের মোবাইল কোর্ট অ্যাক্টের পুনরায় সংশেধনের প্রচেষ্টা চালাচ্ছে।”
মাহবুব পরামর্শ দেন, মোবাইল কোর্টের আওতা যদি সাজা পরিমাণ বৃদ্ধি করার একান্ত প্রয়োজন হয়, অবশ্যই এর ওই দায়িত্ব সুপ্রিম কোর্টের আওতাধীন জুডিশিয়াল ম্যাজেস্ট্রের দেওয়া যেতে পারে।
“অন্যথায় রাজনৈতিক প্রভাবে নির্বাহী হাকিমদের মোবাইল কোর্টের আওতায় নিরীহ জনগণ হয়রানি শিকার হবে। ফলে বিচার বিভাগ হতে নির্বাহী বিভাগ পৃথক করার উদ্দেশ্য ব্যাহত হবে।”
সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, গোলাম মোস্তফা খান ও সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।
