পাহাড় থেকে সরানো হল ৫০ পরিবার
টানা ভারি বর্ষণের পর ‘ঝুঁকিতে’ থাকা চট্টগ্রাম নগরীর লালখান বাজারের একটি পাহাড় থেকে ৫০টি পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং আবু হাসান সিদ্দিকের নেতৃত্বে বুধবার ‘মতিঝর্ণা’ পাহাড় থেকে এসব পরিবারকে সরিয়ে লালখান বাজার প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মিডিয়া ও লিয়াজো কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫০টি পরিবারই টানা বৃষ্টিতে পাহাড় ধসের অতিরিক্ত ঝুঁকিতে ছিল।
“তাদের কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বৃহস্পতিবার আরও কিছু পরিবারকে সরিয়ে নেওয়া হবে। এজন্য আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।”
নগরীর মতিঝর্ণা, এ কে খান, চান্দগাঁও এবং বায়েজিদ এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারীদের সরে যেতে বুধবার সকাল থেকে মাইকিং করে জেলা প্রশাসন।
ভারি বর্ষণ অব্যাহত থাকলে চান্দগাঁওসহ কয়েকটি এলাকায় অতিরিক্ত ঝুঁকিতে বসবাসাকীদের বৃহস্পতিবার থেকে সরিয়ে নেওয়া হবে বলেও জানান রাজীব।
এর আগে গত ১৮ জুন মতিঝর্ণা এলাকা থেকে ৪০টি ঝুঁকিপূর্ণ স্থাপনা সরিয়ে নেয় জেলা প্রশাসন। আর গত ১৪ জুনের অভিযানে সেখান থেকে ১৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
২০০৭ সালের ১১ জুন ভারি বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসে ১২৭ জন নিহত হয়। এই নগরীতে প্রতি বছরই পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে।
২০১৩ সাল থেকে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী কিছু পরিবারকে আশ্রয়কেন্দ্র ও তাবুতে সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন।
