২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুধীরের নিরাপত্তায় ৩ পুলিশ

ভারতীয় ক্রিকেট দলের সমর্থক সুধীর গৌতমের ‘নিরাপত্তায়’ তিনজন পুলিশ সদস্য গত তিন দিন ধরে দায়িত্ব পালন করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 07:07 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

পুরনো খবর:

ঢাকায় ভারত সমর্থক সুধীরের উপর হামলা হয়নি: প্রত্যক্ষদর্শী

মিরপুর থানার উপপরিদর্শক সুরুজ উদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত থেকে আমি, কনস্টেবল নুরুন্নবী ও আবদুল মোমেন সারাক্ষণ সুধীর গৌতমের পাশে আছি।”

মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলের যে কক্ষে গৌতম আছেন, তার এক রুম পরেই তারা থাকছেন বলে জানান এই পুলিশ সদস্য।

সুধীর গৌতম নিরাপত্তার জন্য পুলিশের কাছে কোনো সহযোগিতা না চাইলেও তার ওপর ‘হামলার’ খবর নিয়ে আলোচনার প্রেক্ষাপটে  এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।    

Image
বুধবার তৃতীয় ওয়ানডে চলাকালে স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে হাত মেলাচ্ছেন ভারতীয় সমর্থক সুধীর গৌতম

বুধবার তৃতীয় ওয়ানডে চলাকালে স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে হাত মেলাচ্ছেন ভারতীয় সমর্থক সুধীর গৌতম

সুধীর গৌতমকে দেখে মানুষ ‘উৎসাহী হয়’ মন্তব্য করে এসআই সুরুজ বলেন, “তার ব্যতিক্রমী পোশাক ও আচরণের কারণে তিনি যেখানে যান সেখানেই উৎসুক জনতা ভিড় করে। তাকে যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে না হয় সেজন্য মিরপুর থানা নিজেদের উদ্যোগে তার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।”

গত রোববার রাতে ভারত-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে শেষে মিরপুরের শের-ই বাংলা  স্টেডিয়ামের গেইটের কাছে সুধীর গৌতমের উপর ‘হামলা’ হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম ফলাও করে খবর প্রচার হয়, যদিও অনুসন্ধানে তার সত্যতা পাওয়া যায়নি।

ওই ম্যাচে ভারতকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। গ্যালারিভরতি টাইগার সমর্থকদের উল্লাসধ্বনির মধ্যে ভারতীয় সমর্থক সুধীরও খেলা দেখেছিলেন।

মুখ ও শরীরে ভারতের পতাকা এঁকে খেলা দেখতে যাওয়া সুধীর বের হওয়ার পর টাইগার সমর্থকদের তোপে পড়েন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

তবে ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক আসিফ মাহমুদ অভি বলেন, সুধীরের উপর শারীরিক আক্রমনের কোনো ঘটনা দেখা যায়নি।

স্টেডিয়ামের ২ ও ৩ নম্বর গেইটের মাঝামাঝিতে সুধীরের অটোরিকশায় ওঠার ছবিও তোলেন অভি।

তিনি বলেন, “খেলা শেষে রাত পৌনে ১২টার পরপরই গেইট দিয়ে বের হওয়ার সময় বাংলাদেশের সমর্থকরা সবাই সুধীর গৌতমকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ বলছিল। ‘মওকা-মওকা’ বলেও টিটকারি করছিলেন কয়েকজন।”

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন ঢাকা আসেন সুধীর।

তিনি যে হোটেলে উঠেছেন সেখানে কয়েকজন ভারতীয় সাংবাদিকও অবস্থান করছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা সুরুজ উদ্দিন বলেন, “যতদিন তার নিরাপত্তার জন্য পাশে থাকা দরকার মনে হবে ততদিনই পুলিশ তার পাশে থাকবে।”