২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 04:19 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বুধবার বিকেলে সেনাপ্রধান বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় সেনা প্রধান তার দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”

ইকবাল করিম ভূইয়া সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদকে অবহিত করেন।

সফলভাবে সেনা প্রধানের দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি এসময় ইকবাল করিম ভূইয়াকে ধন্যবাদ জানান।

সেনাবাহিনীর উন্নয়নের যে ধারা চলছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। 

২০১২ সালের ২৫ জুন জেনারেল আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হয়েছিলেন ইকবাল করিম ভূইয়া। তার স্থলাভিষিক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।