২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে শিক্ষকদের ঝোলানো তালা ভাঙল ছাত্রলীগ

উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে শিক্ষকদের ঝোলানো তালা ভেঙে ফেলেছেন ছাত্রলীগকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 04:37 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

মঙ্গলবার দুপুর দেড়টায় পুলিশের উপস্থিতিতে ওই কার্যালয়ের তালা ভেঙে সেখানে স্লোগান দিতে থাকেন তারা।

তালা ভাঙার সময় আন্দোলনরত শিক্ষকরা পাশের উপাচার্য ভবনের সামনেই অবস্থান করছিলেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগ সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের’ ব্যানারে শিক্ষকরা প্রথমে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে তালা ঝুলিয়ে দেন। পরে তারা তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেন।

বিক্ষোভরত সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা চালিয়ে যাবেন বলে জানান তিনি।

শিক্ষকদের অবরোধের পর পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় এবং উপাচার্য ভবনের কাছে অবস্থান নেয় পুলিশ।

পরে বেলা দেড়টার দিকে ছাত্রলীগের কর্মীরা পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে তালা ভাঙেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, “সাধারণ শিক্ষার্থীরা তালা ভেঙেছে। আমরা ন্যায়ের পক্ষে আছি।

“কতিপয় স্বার্থান্বেষী শিক্ষকদের আন্দোলনের ফলে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

উপাচার্যের বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক আচরণ’ ও প্রশাসন পরিচালনায় ‘অযোগ্যতার’ পাশাপাশি নিয়োগে ‘অনিয়ম’ ও আর্থিক ‘অস্বচ্ছতার’ অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছেন সরকার সমর্থক শিক্ষকদের একটি অংশ।

আন্দোলনে সমর্থন জানিয়ে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ ছাড়েন ৩৫ জন শিক্ষক, যাদের মধ্যে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালও রয়েছেন।

তবে আমিনুল হক ভূইয়া ২৩ এপ্রিল জরুরি সিন্ডিকেট বৈঠক ডেকে দুই মাসের ছুটিতে গেলে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসের অধীনে সেই ৩৫ জন কাজ চালিয়ে যেতে থাকেন।

আগের দিন সোমবার ছুটি শেষ হওয়ার আগে হঠাৎ নিজের কার্যালয়ে ফিরে উপাচার্য নতুন প্রোক্টরিয়াল কমিটির অনুমোদন দিলে প্রতিবাদে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা।

তবে মঙ্গলবার আর ক্যাম্পাসে আসেননি উপাচার্য।