২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুদ তেলে দোহাজারী বিদ্যুৎকেন্দ্র চলবে আর ৯ দিন

বোয়ালখালীতে ভেঙে পড়া রেলসেতু দ্রুত মেরামত করা না হলে জ্বালানি সঙ্কটে পড়বে দোহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কারণ এই রেলপথ ছাড়া কেন্দ্রটিতে তেল নেওয়ার আর কোনো পথ নেই।

মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 10:27 AM

Updated : 25 Apr 2022, 01:31 PM

কেন্দ্রটির কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার পর্যন্ত যে পরিমাণ ফার্নেস অয়েল মজুদ রয়েছে তা দিয়ে নয় দিন ধারাবাহিকভবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই হিসাবে আগামী ২ জুলাইয়ের মধ্যে রেলপথটি চালু না হলে সঙ্কট দেখা দেবে বলে তারা মনে করছেন।

অবশ্য পূর্ব রেল ও সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের আশা, দুই দিনের মধ্যে সেতু মেরামত শেষে আগামী এক সপ্তাহের মধ্যে রেলপথ আবার চলাচলের উপযোগী হবে।

দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট থেকে প্রতিদিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যায় জাতীয় গ্রিডে। গত শুক্রবার দুপুরে ওই কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় বোয়ালখালী উপজেলার খিতাপচর এলাকায় ২৪ নম্বর রেলসেতু ভেঙে দুর্ঘটনায় পড়ে একটি ট্রেন।

দুর্ঘটনায় ট্রেনটির তেলবাহী আটটি ওয়াগনের মধ্যে দুটি ওয়াগন বোয়ালখালী খালে সম্পূর্ণ ডুবে যায়। এছাড়া ইঞ্জিন ও আরেকটি ট্যাংকার অর্ধেক পানিতে ডুবে ছিল।

ওই আটটি ওয়াগনের প্রতিটিতে ৩৩ হাজার ৬৪০ লিটার করে ফার্নেস অয়েল ছিল। সেই তেল না পৌঁছানোয় গত শুক্রবার থেকে মজুদ তেল দিয়েই উৎপাদন চালু রেখেছে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট।

কেন্দ্রটির কর্মকর্তারা জানান, এই প্ল্যান্টে প্রতিদিন ১০ ঘণ্টা ধারাবাহিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০০ টন ফার্নেস তেল দরকার হয়। এই চাহিদা মেটাতে যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে একদিন পরপর আটটি ওয়াগনে করে তেল নিয়ে যাওয়া হতো চট্টগ্রাম-দোহাজারী রেললাইন দিয়ে। তবে কিছু তেল সব সময় মজুদ রাখা হয়।

কেন্দ্রের ব্যবস্থাপক আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার দুপুরে কেন্দ্রে ২ হাজার ২০০ টনের মতো ফার্নেস অয়েল মজুদ ছিল। ওই জ্বালানি দিয়ে ২ জুলাই পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদন সম্ভব।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পূর্ব রেলের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন, আগামী সাতদিনের মধ্যেই সেতু মেরামত ও রেলপথ পুরোপুরি সচল হবে। এরপরই তেল আনা যাবে এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে।”

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. কামরুল হাসানও বলছেন, চট্টগ্রাম-দোহাজারী লাইন চালু করতে তারা ‘সর্বোচ্চ চেষ্টা’ চালিয়ে যাচ্ছেন।

“আমরা শুরুতেই ভেঙে পড়া রেলব্রিজটি সংস্কারের কাজ করছি। দুইদিনের মধ্যে এটি সংস্কার হবে বলে আশা করছি। এরপর চার থেকে পাঁচদিনের মধ্যে লাইন চলাচলের উপযোগী হবে। সুতরাং বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহে সমস্যা হবে না।”

দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, শুক্রবারের দুর্ঘটনায় তেলের পাঁচটি ওয়াগন অক্ষত আছে। বাকি তিনটি থেকে কতটুকু তেল ছড়িয়ে পড়েছে তা এখনো নিরূপণ করা যায়নি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী (উৎপাদন) আবদুল খালেক বলেন, “রেলওয়ের পক্ষ থেকে আমাদের জানানো হলে তারপর আমরা এ বিষয়ে দেখব।”

রেল কর্মকর্তাদের ধারণা, ৫০ হাজার লিটারের মতো তেল খালের পানিতে মিশেছে। জেলা প্রশাসন, রেল কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্থানীয়দের মাধ্যমে তেল ছড়িয়ে পড়া রোধে কাজ করছে।

ছড়িয়ে পড়া তেল অপসারণে রোববার বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে অয়েল বুম বসানো হয়েছে। আর স্থানীয়দের সংগ্রহ করা তেল প্রতি লিটার ৬০ টাকা দরে কিনে নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।

এদিকে তেল ছড়ানো রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় বোয়ালখালী খাল, কর্ণফুলী ও হালদা নদীর পানির অবস্থার ‘উন্নতি হয়েছে’ বলে দাবি করেছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।  

অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মকবুল হোসেন জানান, রোববার খালের পানির নমুনায় ডিও (দ্রবীভূত অক্সিজেন) ছিল এক দশমিক তিন। সোমবার এর পরিমাণ বেড়ে হয়েছে চার দশমিক পাঁচ, যা স্বাভাবিকের কাছাকাছি।

ঘটনাস্থল এবং কর্ণফুলী নদী থেকে তেল লাগা কচুরিপানা তুলে ফেলার পর তীরের যেসব ঘাস ও ছোট গাছে তেল লেগেছে সেগুলোও কাটা হচ্ছে বলে জানান তিনি।

পুরনো খবর:

চট্টগ্রামে সেতু ভেঙে তেলবাহী ট্রেন খালে
সেতু ভেঙে খালে ট্রেন: তেল ছড়িয়েছে হালদাতেও
চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনা: তেল ছড়াচ্ছে কর্ণফুলীতেও