সেতু ভেঙে খালে ট্রেন: তেল ছড়িয়েছে হালদাতেও
চট্টগ্রামের বোয়ালখালীতে সেতু ভেঙে খালে পড়া ট্রেনের বগি থেকে নির্গত ফার্নেস অয়েল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হালদা নদীতেও ছড়িয়েছে।
সোমবার হালদা নদীর মদুনঘাট, মাছুয়াঘোনা ও নাপিতের ঘোনা এলাকা থেকে তেল মিশ্রিত কচুরিপানা ও ঘাস সরিয়ে নেয় পরিবেশ অধিদপ্তর ও জেলা মৎস্য বিভাগ।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, শনিবারই কর্ণফুলী ও হালদায় ফার্নেস অয়েলের উপস্থিতি তারা দেখেছেন।
সোমবার দুপুরে হালদা নদীর মদুনাঘাট অংশ ও কালুরঘাট সংলগ্ন হালদার চরে গিয়ে দেখা যায়, তীরের ঘাস ও ছোট আকারের গাছ পালায় কালো রঙের ফার্নেস অয়েল লেগে আছে।
বিশেষজ্ঞরা বলছেন, তেল ছড়িয়ে পড়ায় হালদায় মা মাছের প্রজনন বিঘ্নিত হতে পারে। তবে বৃষ্টি হওয়ায় ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে গেছে।
শুক্রবার দুপুরে তেলবাহী ওই ট্রেন বোয়ালখালী উপজেলার খিতাপচর এলাকায় ২৪ নম্বর রেল সেতু অতিক্রমের সময় সেতু ভেঙে নিচে পড়ে যায়।
হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাটার টানে বোয়ালখালী খাল থেকে তেল কর্ণফুলীতে ছড়িয়ে পড়ে।
“এরপরই শনিবার জোয়ারের সময় কর্ণফুলীর উজানে থাকা হালদায় গিয়ে তেল মিশে। কালুরঘাট এলাকায় হালদা-কর্ণফুলীর সঙ্গে মিশেছে। সংলগ্ন হালদার চর, মদুনাঘাট ও নাপিতের ঘাট পর্যন্ত তেল দেখা গেছে।”
চট্টগ্রামের জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হালদার মাছুয়াঘোনা পর্যন্ত ফার্নেস অয়েল ছড়িয়েছে। নদীতে থাকা কচুরিপানা ও তীরের ঘাস সরিয়ে নেওয়া হচ্ছে।
“জোয়ারের সময় আবার যাতে হালদায় তেল ঢুকতে না পারে সেজন্য লোকজন কাজ করছে। তবে জোয়ার-ভাটার নদী হওয়ায় ক্ষতি তেমন হবে না।”
“তবে জোয়ার-ভাটা এবং হালদার সাথে কর্ণফুলীর সংযোগ থাকায় ফার্নেস অয়েল কিছু অংশ বঙ্গোপসাগরে চলে গেছে। লবণের সাথে মিলে গেলে তেল আর ক্ষতিকর থাকে না। এছাড়া সোমবার প্রচুর বৃষ্টি হয়েছে।”
হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া ভিন্নমত জানিয়ে বলেন, “ছড়িয়ে পড়া তেলের ৭০ শতাংশ যদি আহরণ করা যেত তাহলেই কেবল ক্ষতি প্রশমন করা সম্ভব হত। এখন আর কিছুই করার নেই।
“রাবার ড্যাম ও কারখানার বর্জ্য দূষণের কারণে হালদা এমনিতেই হুমকির মুখে। এখন তেল দূষণের ফলে মা মাছের প্রজনন ক্ষমতা সংকটে পড়বে।”
২০১৩ সালেও কালুরঘাট এলাকায় তেলবাহী ট্রেন দুর্ঘটনায় কর্ণফুলী নদীতে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে।
