চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনা: তেল ছড়াচ্ছে কর্ণফুলীতেও
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রেল সেতু ভেঙে খালে পড়া তেলবাহী ট্রেনের দুটি বগি থেকে ফার্নেস অয়েল কর্ণফুলী নদীতেও ছড়িয়ে পড়েছে।
এরইমধ্যে ঘটনাস্থলের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে কর্ণফুলী নদী এবং সংলগ্ন কয়েকটি খালে তেল ছড়িয়ে পড়েছে বলে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন।
শুক্রবার দুপুরে দুর্ঘটনার পর ওয়াগন দুটি বোয়ালখালী খালে ডুবে যায়। শনিবার রাত পর্যন্ত ডুবে যাওয়া ওয়াগন দুটি তোলা সম্ভব হয়নি।
রেল কর্মকর্তারা বলছেন, রোববার ওয়াগন দুটি তুলতে পারবেন বলে তারা আশা করছেন।
নদী সংলগ্ন ওই খালটিতে জোয়ার-ভাটার প্রভাব থাকায় তেল কর্ণফুলীতে ছড়িয়ে পড়ে।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মকবুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে কর্ণফুলীর মোহনার দূরত্ব আট থেকে দশ কিলোমিটার।
“সকালে নৌকা নিয়ে খালটি যেখানে নদীর সাথে মিলেছে সেখান থেকে রওনা হই। গতরাতে জোয়ারে নদীর সংযোগস্থল পর্যন্ত তেল ছড়িয়েছে। আবার ভাটায় বিপরীত দিকে প্রায় সমান দূরত্বে তেল গেছে।”
তেল ছড়িয়ে পড়ায় কর্ণফুলী নদীতে এর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শুক্রবার বেলা সোয়া ১টার দিকে তেলবাহী ট্রেনটি গোমদণ্ডি-ধলঘাট রেল লাইনের বেঙ্গুরা স্টেশন পার হয়ে ২৪ নম্বর সেতু অতিক্রমের সময় এটি ভেঙে পড়ে।
দোহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য চট্টগ্রাম থেকে ট্রেনটির আটটি ওয়াগনে করে ফার্নেস অয়েল নিয়ে যাওয়া হচ্ছিল।
দুর্ঘটনায় ট্রেনটির দুটি ট্যাংকার খালের পানিতে সম্পূর্ণ ডুবে যায়। এছাড়া ইঞ্জিন ও তৃতীয় ট্যাংকারটিও অর্ধেক পানিতে ডুবে ছিল।
বোয়ালখালীতে সেতু ভেঙে তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার পড়ে গেছে খালে, চুইয়ে পড়ছে ফার্নেস অয়েল। ছবি: সুমন বাবু
রেল কর্মকর্তারা জানান, প্রতিটি ওয়াগনে ৩৩ হাজার ৬৪০ লিটার করে ফার্নেস অয়েল ছিল।
ধলঘাট স্টেশনের স্টেশন মাস্টার অনুপম দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচটি ওয়াগন রিলিফ ট্রেন এসে টেনে নিয়ে গেছে। দুটি পানিতে এবং অন্য একটি কাত হয়ে আছে।
“কাত হওয়া ও পানিতে থাকা ট্যাংকার থেকে আগে তেল বের করে নেবে বিদ্যুৎ কেন্দ্রের লোকজন। তারপর সেগুলো সরানো হবে।”
তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওয়াগন থেকে তেল অপসারণের কাজ শুরু হয়নি। বিকালে স্থানীয়দের সহায়তায় নদী ও খাল থেকে তেল অপসারণের কাজ শুরু হয়।
“স্থানীয়দের সহায়তায় রশি, বাঁশ ও কলাগাছ দিয়ে তেল অপসারণের কাজ করছি। রোববারও একটি দল সেখানে কাজ করবে,” বলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মকবুল হোসেন।
তিনি বলেন, খালে জোয়ার-ভাটার কারণে তেল অনেক দূর ছড়িয়ে পড়েছে।
“খালের আশেপাশে গাছের গোড়ায় ও মাটিতে তেল লেগে আছে। তেল দূষণে কর্ণফুলীতে নদীতেও বিরূপ প্রভাব পড়বে।”
ছড়িয়ে পড়া তেল সংগ্রহের কোনো যন্ত্র অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে নেই বলে জানান তিনি।
বোয়ালখালীতে সেতু ভেঙে তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার পড়ে গেছে খালে, চুইয়ে পড়ছে ফার্নেস অয়েল।
চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানির উপরিতলে থাকা এই তেল জোয়ার-ভাটায় সামনে-পেছনে আসা-যাওয়া করবে।
“ধীরে ধীরে তেলের ঘনত্ব কমবে। কিন্তু পানিতে তেলের আস্তরণের কারণে সালোক সংশ্লেষণ বিঘ্নিত হতে শুরু করলে জলজ উদ্ভিদ স্থানচ্যুত হবে। বাতাসে ছড়াবে হাইড্রোকার্বন। পানিতে কমবে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ।”
তেলের সংস্পর্শে আসা জমির পুষ্টিমান কমবে জানিয়ে ইদ্রিস আলী বলেন, “এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে প্রকৃতিতে। কর্ণফুলীতে আরেকটি ক্ষত যোগ হল।”
দুই বছর আগেও এই এলাকায় একই ধরনের একটি দুর্ঘটনার তথ্য জানিয়ে তিনি বলেন, সেতুর ভার বহনের ক্ষমতার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সচেতন হওয়া উচিত ছিল।
সেতুসহ ভেঙে পড়ায় চট্টগ্রাম-দোহাজারি লাইনে রেল চলাচল বন্ধ আছে। এই পথে প্রতিদিন একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেল অপসারণ ও ওয়াগন তোলার পর সেতুটি মেরামতের কাজে হাত দেবে রেল কর্তৃপক্ষ। এতে অন্তত চার দিন সময় লাগবে।
