চট্টগ্রামে সেতু ভেঙে তেলবাহী ট্রেন খালে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রেলসেতু ভেঙে একটি তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন খালে পড়ে পানিতে ছড়িয়ে পড়ছে ফার্নেস অয়েল।
শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার খিতাপচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পূর্ব রেলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
দুর্ঘটনার পর ট্রেনটির লোকোমাস্টার (চালক) মো. শহীদুল্লাহ ও সহকারী লোকোমাস্টার জাফরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
রেলওয়ের উদ্ধারকারী দল বিকাল থেকে কাজ শুরু করলেও পানিতে পড়ে যাওয়া তেলের ওয়াগন তুলতে অন্তত দুই দিন লাগবে বলে কর্মকর্তারা মনে করছেন।
ফলে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে আশেপাশের কৃষি জমিতে ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
মোজাম্মেল হক জানান, দোহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল ট্রেনটি। এর আটটি ওয়াগনের প্রতিটির ধারণ ক্ষমতা ৩৩ হাজার ৬৪০ লিটার।
ওই ট্রেনের দায়িত্বে থাকা রেলের নিরাপত্তা বাহিনীর সদস্য মাকসুদুর রহমান জানান, গোমদণ্ডি-ধলঘাট রেল লাইনের বেঙ্গুরা স্টেশন পার হয়ে ট্রেনটি ২৪ নম্বর সেতু অতিক্রমের সময় সেটি বিকট শব্দে ভেঙে পড়ে।
এতে তেলবোঝাই দুটি ট্যাংকার ডুবে যায় বোয়ালখালী খালে। সেতু পেরিয়ে যাওয়া ইঞ্জিন এবং সেতুর অন্যপ্রান্তে থাকা তৃতীয় ট্যাংকারও কাত হয়ে পানিতে আংশিক ডুবে যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চতুর্থ ট্যাংকারটিও কাত হয়ে আছে। খালের পানিতে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে ফার্নেস অয়েলের স্তর।
দুর্ঘটনার পরপরই পূর্ব রেলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হকসহ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম ও জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী (সেতু-১) আকবর আহমদ ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়।
এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ব রেলের প্রধান প্রকৌশলী কামরুল হাসান, প্রধান যন্ত্র প্রকৌশলী হারুনর রশিদ ও চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মিয়া জাহানকে নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়।
রেল কর্মকর্তারা জানান, ২০০৫ সালে সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। গত বছর মেরামতের জন্য দরপত্রও ডাকা হয়। তবে কাজ শেষ না করেই ঠিকাদার চলে যান।
ঠিকাদারের করা মামলায় আদালত স্থিতাবস্থা জারি করায় সেতুটি মেরামত করাও সম্ভব হচ্ছে না বলে জানান তারা।
দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে একটি ও আখাউড়া থেকে আরেকটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়।
এছাড়া চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাইনে আটকে থাকা চারটি ট্যাংকার সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
মোজাম্মেল হক বলেন, “বগিগুলো সরিয়ে ফেলার পর সেতু মেরামত করে রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করবে। কাজ শেষ হতে কমপক্ষে দুই দিন সময় লাগবে।”
এর আগে ২০১৩ সালের ৩১ জুলাই দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় উপজেলার কালুরঘাটে একটি ট্রেন লাইনচ্যুত হয়।
সে সময় কর্ণফুলী নদীসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়েছিল।
