২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় লেগুনার ৫ আরোহী নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী লেগুনার পাঁচ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত নয়জন।

নিজস্ব প্রতিবেদক

ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 01:05 AM

Updated : 12 Oct 2022, 03:54 PM

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম পরিচয় জানা যায়নি।

ফতুল্লা মডেল থানায় কর্মরত এএসপি মো. শরফুদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লায় পাগলার রসুলপুর এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অভিলাশ বাবু (৩৫) ও নূর আলম গাজী (৫০ ) নামে দুই ফল ব্যবসায়ী, আছিয়া আক্তার চায়না (৩০) ও তার ছেলে সাকিব (১২), রিকশা চালক আসাদ মিয়া (৩৭), আনোয়ার (৫৫) ও বাবুবাজারের মদিনা ট্রেডিং স্টোরের স্টোর কিপার মুর্তজা আমিন (২৮) সহ সাতজনের নাম জানা গেছে।

কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, নারায়ণগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন ঢাকায় ফিরছিল। পথে পাগলার রসুলপুর এলাকায় রেললাইনের ওপর রাস্তায় যাত্রীবাহী একটি লেগুনায় ধাক্কা লেগে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়।

এক নারী ও তিন পুরুষের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক।

দুর্ঘটনার জন্য লেগুনা চালকের বেপরোয়া ভাবকেই দায়ী করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রসুলপুর এলাকার ওই লেভেল ক্রসিংটি রেলওয়ের অনুমোদিত না হওয়ায় সেখানে কোনো গেটম্যান বা লাইনম্যান ছিল না বলেও জানিয়েছে রেলওয়ে বিভাগ।

ঢাকা জেলা রেলওয়ের ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণত রেললাইন পার হতে গেলে সতর্কতার সঙ্গে ডানে-বামে দেখে নিতে হয়। 

“কিন্তু অনুমোদনহীন ওই লেভেল ক্রসিংয়ে কোনো লাইনম্যান নেই সবার জানা থাকলেও ক্রসিং এলাকায় লেগুনা চালক বেপরোয়া ছিল। ট্রেন হুইসেল বাজালেও তিনি খেয়াল করেননি।”

লেগুনাকে ধাক্কা দিলেও ওই ট্রেনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে রেলওয়ের ব্যবস্থাপক আরিফুজ্জামান বলেন, ট্রেনটি নিরাপদে কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে।