সেনাকুঞ্জে ইফতারে প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সোমবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিকালে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
সেনাকুঞ্জে সোমবার সশস্ত্রবাহিনীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। সাবেক সেনাপ্রধান হিসেবে তিনি এই ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্য এবং উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সবার সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিরোধীদলীয় নেতা, কূটনীতিক এবং সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে বাংলাদেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
