জনদুর্ভোগ: বছর নড়ে, ভাগাড় নড়ে না
একটা সময় হোয়াংহো নদীকে বলা হতো চীনের দুঃখ। সময় বদলেছে। হয়েছে অবস্থার উন্নতি। তবে রাজধানীর তালতলাবাসীর ‘দুঃখ’ মূল রাস্তা জুড়ে থাকা বিশাল ভাগাড় নড়ে না। উন্নতি হয় না অবস্থার। ফলে বছর ঘুরে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
পরিচিত এ দুর্ভোগে শুধু রাজধানীর আগারগাঁও-তালতলা এলাকার বাসিন্দারাই ভুগছেন না, ভুগছেন মূল সড়কে চলাচলকারী মিরপুরবাসী।
তালতলা বাসস্ট্যান্ডের পাশে যান চলাচলের মূল সড়কের অর্ধেকই অকেজো হয়ে আছে স্তূপাকারে ফেলে রাখা ময়লা আবর্জনায়।
রাস্তাজুড়ে সিটি করপোরেশনের ৪/৫ টি আবর্জনা ফেলার বড় কইনটেইনার স্থান দখল করে রাখায় যানজটের মাত্রাও বাড়িয়ে দিয়েছে।
স্ট্যান্ড ঘেষা এই ভাগাড়ে প্রতিদিন জমা হয় পুরো এলাকার গৃহস্থালি বর্জ্যের সিংহভাগ। আর তা সারাদিনই পড়ে থাকে চলাচলের মূল রাস্তার উপর। ফলে ময়লার উৎকট দুর্গন্ধে রাস্তায় চলাচলকারীদের প্রাণ অতিষ্ঠ।
“এ রাস্তায় প্রতিদিন যাওয়া-আসা করতে হয়। ময়লার গন্ধের মধ্যে আটকে বসে থাকতে হয় গাড়িতে। রাস্তার এ অংশটুকু দিয়ে গাড়ি যেতে না পারায় লম্বা জ্যাম তো লেগেই থাকে।”
মিরপুর শ্যাওড়াপাড়ার বাসিন্দা গৃহিনী মাহবুবা চৌধুরী বললেন, “বাচ্চার স্কুলে দিয়ে আসা, বাজার করা এসব নানা কাজে প্রতিদিন এ রাস্তা অসংখ্যবার ব্যবহার করতে হয়। কিন্তু চলাচলের এমনই অবস্থা যে জ্যামেই দিনের সময় চলে যায়। অথচ ওই রাস্তা অতিক্রমের সময় নাকে হাত দেওয়া ছাড়া কোনও উপায় থাকে না।”
রাস্তার পাশেই একটি ইলেকট্রনিক্সের দোকানে কর্মরত ব্যবসায়ী আবদুর রহমানও ক্ষোভের সঙ্গে জানালেন তার দুর্ভোগের কথা।
“ময়লার গন্ধে মাঝেমধ্যে অসহ্য লাগে। এছাড়া চোখের সামনে জ্যাম তো আছেই সারাক্ষণ। এইটাই যেন স্বাভাবিক এখন।”
এই রাস্তার নিয়মিত যাতায়াতকারীরা প্রতিদিনই এ দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিশেষ করে সকালে স্কুল-কলেজ, অফিস-আদালতে যাওয়ার সময় এমনিতেই রাস্তায় যান-বাহনের ভিড় থাকে। সেসময় রাস্তার একটা বড় অংশ সবসময় বেদখল থাকায় যান-জটের তীব্রতা আরও বেড়ে যায়।
