গাজীপুরে খাল থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলায় একটি খাল থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার পিরুজালী-ভবানীপুর এলাকার লবলং সাগর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনুমানিক ২৬ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ মো. আজহারুল ইসলাম জানান, খালে ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আকাশি রংয়ের টিশার্ট ও ছাই রংয়ের ফুল প্যান্ট পরা ওই যুবককে ২/৩ দিন আগে হত্যার পর দুর্বৃত্তরা লাশ খালে ফেলে গেছে বলে ধারণা এসআই আজহারুলের।
