উপজেলায় নারী সদস্য পদে ২৭ উপজেলায় সমভোট
সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদের নারী সদস্য পদে নির্বাচনে অন্তত দুই ডজন উপজেলায় প্রার্থীরা সমভোট পেয়েছে।
লটারি প্রথা বাদ দিয়ে পুনঃভোটের বিধান চালুর পর উপজেলা পরিষদে সমভোট পাওয়ার ঘটনা ঘটল।
ইসি সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান জানান, সংসদে সমভোট হলে লটারির বিধান রয়েছে। কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনে সমান ভোট পেলে সমভোট প্রাপ্তদের মধ্যে পুনঃভোট হবে।
মাত্র তিন মাস আগে লটারি প্রথা বাদ দিয়ে সমভোট প্রাপ্তদের মধ্যে পুনঃভোটের বিধান চালু হয় উপজেলায়ও।
সর্বশেষ ২০১১ সালে ইউনিয়ন পরিষদ ভোটে একটি চেয়ারম্যান পদসহ অনেক সদস্য পদে সমভোটের পর পুনঃভোট হয়েছে।
ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, গত ১৫ জুন হওয়া উপজেলা পরিষদের নারী সদস্য পদের ভোটে অন্তত ২৭টি উপজেলার নারী সদস্য পদে সমভোট পেয়েছে দুই বা ততোধিক প্রার্থী। সমভোট পাওয়াই কাউকে বিজয়ী ঘোষণা করা যায়নি। অবশ্য বাকি উপজেলাগুলোয় নির্বাচিতদের গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে।
প্রতিটি উপজেলায় ৩০ জন থেকে ৪০ জন ভোটার রয়েছে।
গত বৃহস্পতিবার সব মাঠপর্যায়ের তথ্য এসেছে। শিগগির কমিশন সভায় পুনভোটের বিষয়ে সিদ্ধান্তের জন্য তা উপস্থাপন করা হবে বলে ইসি কর্মকর্তারা জানান।
সমভোট পাওয়া দুই বা ততোধিক প্রার্থী রয়েছে এমন উপজেলাগুলো হচ্ছে- সাতক্ষীরার তালা, টাংগাইলের কালিহাতি, দিনাজপুরের হাকিমপুর ও খানসামা, কিশোরগঞ্জের ইটনা, খাগড়াছড়ির দিঘিনালা, রংপুরের সদর উপজেলা ও গঙ্গাচড়া, কক্সবাজারের রামু, কুমিল্লার বরুড়া ও দাউদকান্দি, মেহেরপুরের গাংনী, বগুড়ার শিবগঞ্জ, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, নওগাঁর মহাদেবপুর, সাপাহার, সিলেটের জৈন্তাপুর, পটুয়াখালীর বাউফল, নেত্রকোনার আঠপাড়া, নোয়াখালীর সুবর্ণচর, ফরিদপুরের আলফাডাঙ্গা, হবিগঞ্জের লাখাই, নরসিংদীর রায়পুরা, মনোহরদী ও বেলাবো, রাজশাহীর পুঠিয়া এবং বাগেরহাটের চিতলমারী।
এদিকে নরসিংদীর মনোহরদী উপজেলার তিন নম্বর আসনের নারী সদস্য পদের প্রার্থী সুরাইয়া ভোটে অনিয়মের বিষয়ে ইসিতে অভিযোগ দিয়েছে। সেই সঙ্গে শুধু সমভোট প্রাপ্তদের মধ্যে পুনভোট না রেখে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচন করার দাবি জানান তিনি।
