ঈদের ৩ দিন আগে থেকে ফেরিতে ওঠায় নিয়ন্ত্রণ
রোজার ঈদের তিন দিন আগে এবং তিন দিন পরে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সাধারণ ট্রাক ও কভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।
ঈদকে সামনে রেখে রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনে লঞ্চ, ফেরি সার্ভিস ও বিভিন্ন স্টিমারসহ জলযানের নিরাপদ চলাচল বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের সময় কোনভাবেই লঞ্চে যাত্রী ও মালামাল ওভারলোড করা যাবে না। লোড লেভেল ক্রস করার আগেই লঞ্চ ছেড়ে দিতে হবে।
সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার পর পথে থামিয়ে নৌকা বা অন্য কোনো মাধ্যমে যাত্রী বা মালামাল উঠানো যাবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।
ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না জানিয়ে মন্ত্রণালয় বলছে, লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নৌপথে সব মাছ ধরার জাল পাতা বন্ধ রাখতে হবে।
“সভায় সিদ্ধান্ত হয়েছে, ঈদের পূর্বে তিন দিন ও ঈদের পরে তিন দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতীত সাধারণ ট্রাক ও কভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখতে হবে।”
“রাতে (সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত) সব ধরনের মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে। মাওয়া ও পাটুরিয়া ঘাটে যাত্রী বেশি হলে প্রয়োজনে ফেরি দিয়ে যাত্রী পার করা হবে। সূর্যাস্তের পর স্পিডবোট চলবে না। স্পিড বোটের যাত্রীদের অবশ্যই লাইফ জ্যাকেট পড়তে হবে।”
সার্বিক অবস্থা তদারকিতে নৌ মন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক ডিজিলেন্স টিম গঠন করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরিঘাট ও লঞ্চঘাটগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
এছাড়া গার্মেন্টস ও নিটওয়্যার সেক্টরে ঈদের ছুটি পুনঃবিন্যাস করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজেএমইএ, বিকেএইমইকে অনুরোধ জানানো হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রণালয় বলছে, বিআইডব্লিউটিসি পরিচালিত ১৪টি ফেরিঘাট ও ফেরিঘাট সংলগ্ন লঞ্চ ঘাটগুলোতে আগামী ১ জুলাই থেকে ইজারা প্রথা বন্ধ থাকবে। ফেরিতে উঠার আগে বড় বাস ও ট্রাকপ্রতি ৪০ টাকা এবং প্রতিটি ছোট গাড়িকে ২০ টাকা করে দিতে হবে।
নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিতে সভায় নৌসচিব শফিক আলম মেহেদী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম ভূঁইয়া ছাড়াও নৌপুলিশ, লঞ্চ মালিক ও শ্রমিক সমিতি, সড়ক পরিবহন ফেডারেশন, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
