২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল ছড়ানো ঠেকাতে ‘অবহেলায়’ বাদলের ক্ষোভ

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় নদীতে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সরকারি কর্মকর্তাদের ‘সহায়তা’ পাওয়া যায়নি অভিযোগ করে ‘সরকারের ইচ্ছা যথাযথভাবে’ বাস্তবায়নে স্পিকারের রুলিং চেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ মঈন উদ্দীন খান বাদল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 02:22 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

রোববার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন এই বাম নেতা। 

জনপ্রতিনিধিদের ‘প্রাপ্য সন্মান’ নিয়েও স্পিকারের রুলিং দাবি করেন তিনি।

গত শুক্রবার দোহাজারীগামী একটি তেলবাহী ট্রেন বোয়ালখালীর একটি রেলসেতু পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। সেতু ভেঙে তেলের দুটি ওয়াগন খালে ডুবে যায়।  এখন পর্যন্ত সেগুলো তোলা সম্ভব হয়নি।

এদিকে জোয়ার-ভাটার প্রভাবে ওই খাল থেকে তেল ছড়িয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। এরইমধ্যে প্রায় ২০ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে বলে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দ্রুত তেল অপসারণের ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সাংসদ বাদল সংসদকে বলেন, “ওই ঘটনার পরপরই আমি সেখানে যাই। আমি রেলের কর্মকর্তাদের তেল নিঃসরণ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললে তারা বলেন, ‘স্যার আমাদের কিছু করার নেই’।”

Image
চট্টগ্রামের বোয়ালখালীতে শুক্রবার সেতু ভেঙে তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার পড়েছে খালে, চুইয়ে পড়ছে ফার্নেস অয়েল। ছবি: সুমন বাবু

সুন্দরবনের শেলা নদীর মতো বোয়ালখালীতেও কলাগাছ ও খড় দিয়ে তেল আটকানোর ব্যবস্থা করার কথা উল্লেখ করেন বাদল।

তিনি বলেন, “কর্ণফুলী পোর্ট অথরিটির তেল অপসারণের একটি জাহাজ আছে। আমি চেয়ারম্যানকে ফোন করেছিলাম। কিন্তু ছুটির দিন বলে পাইনি।

“শুনেছি আজ তারা জাহাজ নিয়ে কর্ণফুলী নদীতে দেখতে গেছেন- কি করা যায়। দুর্ঘটনাস্থল থেকে বন্দর নয় কিলোমিটার দূরে। ১৯ তারিখে ঘটেছে, আজ ২১ তারিখ। ৭২ ঘণ্টা লেগেছে নয় কিলোমিটার যেতে।”

জাসদ নেতা বাদল ক্ষোভের সঙ্গে বলেন, “আমি তাদের থেকে কমপক্ষে দশ বছরের বড়। আমি দুর্ঘটনায় আহত পা নিয়ে ওই এলাকায় গেছি। কিন্তু তাদের পাইনি।”

রেলমন্ত্রী মুজিবুল হকও পরে ওই দুর্ঘটনা নিয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেন।