এসএসসিতে ফল চ্যালেঞ্জ করে উত্তীর্ণ ৩৬৫ জন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে এবার আট বোর্ডের ৩৬৫ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন, ফলাফলে পরিবর্তন এসেছে এক হাজার ৭৫১ পরীক্ষার্থীর।
শনিবার এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করে আটটি সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।
শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজশাহী ও কারিগরি বোর্ডের ফল প্রকাশ করা হয়নি।
রাত ১০টার পরে রাজশাহী বোর্ডের ফল প্রকাশ করা হবে বলে বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন।
অন্য বোর্ডেগুলোর চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুনঃনিরীক্ষার ফলাফলের বিস্তারিত জানান।
এ বছর পুনঃনিরীক্ষার ফলে ঢাকা বোর্ডের ৯০ জন শিক্ষার্থী ফেল থেকে নতুন করে পাস করেছেন।
এছাড়া দিনাজপুর বোর্ডের ৪৪ জন, সিলেটে ১৮ জন, কুমিল্লায় ৪৩ জন, যশোরে ৮৩ জন, চট্টগ্রামে ৪৪ জন, বরিশালে ১১ জন এবং মাদ্রাসা বোর্ডের ৫০ জন শিক্ষার্থী আগের ফলে অকৃতার্য হলেও পুনঃনিরীক্ষায় পাস করেছেন।
এবার ঢাকা বোর্ডে ৬৬৫ জন, দিনাজপুর বোর্ডে ১১৭ জন, সিলেটে ১০৭ জন, কুমিল্লায় ২৪১ জন, যশোর ১৮৪ জন, চট্টগ্রামে ১৯১ জন, বরিশাল বোর্ডে ৬৫ জন এবং মাদ্রাসা বোর্ডে ১৮১ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।
অর্থাৎ, ফল পুনঃনিরীক্ষণে ১০ বোর্ডের মধ্যে আট বোর্ডের এক হাজার ৭৫১ শিক্ষার্থীর মোট জিপিএ বেড়েছে।
প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা ফি দিয়ে গত ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণে এসএমএসে আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।
সাধারণত কোনো প্রশ্নের উত্তরে নম্বর না দেওয়া, নম্বর দিয়েও ভুলে তা মোট নম্বরের সঙ্গে যোগ না করা এবং সব প্রশ্নের উত্তরে দেওয়া নম্বর যোগ করতে গিয়ে ভুল করেন পরীক্ষকরা।
এসব বিষয় পরীক্ষা করেই পুনঃনিরীক্ষার ফল দেওয়া হয়েছে বলে বোর্ড চেয়ারম্যানরা জানিয়েছেন।
তবে উত্তরপত্র পুনঃনিরীক্ষা না করে তা পুনঃমূল্যায়নের দাবি রয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। কিন্তু এ সংক্রান্ত প্রবিধানমালা পরিবর্তন না হওয়ায় তা করা যাচ্ছে না বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন।
এই পরীক্ষায় এবার ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে সাত লাখ ৩৩ হাজার ২২০ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।
