২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ঠিকাদারকে পিটিয়ে হত্যার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে পিটিয়ে এক ঠিকাদারকে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

পুলিশ বলছে, নিহত মো. আলতাফ হোসেন (৫০) বিষপানেও আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধারের সময় তার মুখে বিষ পাওয়া গেছে।

নাজিরপুর থানার ওসি নাসিরউদ্দিন মল্লিক জানান, শুক্রবার রাতে মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আলতাফের শরীরে আঘাতের চিহ্ন ছিল জানিয়ে নিহতের মেয়ে জামাই সেখ মো. রহমত আলী অভিযোগ করেন, ডালিম ঠিকাদারের কাছে টাকা পেতেন তার শ্বশুর আলতাফ। এছাড়া তারাবুনিয়া গ্রামে বিভিন্ন নির্মাণ কাজ তদারকি করতে মাঝে মাঝে রাতে ডালিমের বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি।

ঘটনার দিন ডালিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে রাত কাটান আলতাফ। পাওনা টাকা না দেওয়ার জন্যই রাতের কোনো সময় তার শরীরে পেছনে আঘাত করে হত্যা করা হয়।

এরপর মুখে বিষ ঢেলে হত্যার ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রহমত।

ওসি নাসিরউদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।