দিনাজপুরে ‘ধর্ষক’কে ছেড়ে দিল পুলিশ
দিনাজপুর শহরে এক কিশোরীকে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় এলাকাবাসীর হাতে আটক দুই তরুণকে পুলিশের এক হাবিলদার ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে বৃহস্পতিবারের ওই ঘটনায় শনিবার ধর্ষিতের মা মামলা করার পর তাদের মধ্যে একজনকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তরা হলো- শহরের সুইহারী খালপাড়া এলাকার হযরত আলীর ছেলে রেজাউল ইসলাম ওরফে রাব্বি (২৩) ও আমিনুল ইসলামের ছেলে রনি (২১)।
ধর্ষিত কিশোরীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাব্বি ও রনিসহ অজ্ঞাত পরিচয় আরও দুজন তার মেয়েকে তুলে নিয়ে একটি ভুট্টাক্ষেতে হাত-পা বেঁধে ধর্ষণ করে। স্থানীয় কাউন্সিলর আব্দুল হানিফ দিলনসহ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে রাব্বি ও রনিকে আটক করে সদর পুলিশ ফাঁড়ির হাবিলদার রাজ্জাকের হাতে তুলে দেয়।
কাউন্সিলর আব্দুল হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনপ্রতিনিধি হিসাবে আমি আটক দুজনকে হাবিলদার রাজ্জাকের কাছে সোপর্দ করি। পরে জেনেছি আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে।”
কিশোরীর মায়ের অভিযোগ, লোক জানাজানির ভয় ও ওই কিশোরীর ক্ষতির কথা বলে বিষয়টি স্থানীয়ভাবে বিচারের জন্য ওই দিন চাপ দিয়েছিলেন হাবিলদার রাজ্জাক।
এবিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে রাজ্জাক প্রতিবেদককে তার সঙ্গে দেখা করতে বলেন।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে ওই কিশোরীর মায়ের মামলার পর প্রধান আসামি রাব্বিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্ষণে অভিযুক্ত তরুণদের ছেড়ে দেওয়ার অভিযোগ স্বীকার করে থানার ওসি এস এম খালেকুজ্জামান জানান, অভিযুক্ত হাবিলদার রাজ্জাকের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের ঘটনা জানতাম না। মামলা করার সময় বিষয়টা জানতে পেরেছি। আসামিদের দ্রুত গ্রেপ্তারে ওই হাবিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে।”
