সাড়ে তিন বছরে ১০৩ বার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ তদারকিতে ১০৩ বার প্রকল্পস্থল পরিদর্শনের কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীতে ব্র্যাক ইন সেন্টারে এক আলোচনায় তিনি এ তথ্য দেন।
মন্ত্রী জানান, অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
“গত সাড়ে তিন বছরে আমার ১০৩ বার প্রকল্পস্থল পরিদর্শন করতে হয়েছে। ১৯২ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ প্রক্রিয়ার কাজ ইতোমধ্যে ১৪০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। শিগগির বাকি কাজ শেষ হবে।”
২০০৬ সালে এই প্রকল্প গৃহীত হলেও বাস্তবে কাজ শুরু হয় ২০১০ সালে।
এদিকে আগামী ৩০ জুন ঢাকা ময়মনসিংহ চারলেন সড়ক নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
