২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে একটি বেসরকারি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে এক রোগীর স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 02:41 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

শনিবার সকালে শহরের লোকনাথ ট্যাংকের পাড়ার ‘দি ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের ওই ক্লিনিকে ভাংচুরের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

অস্ত্রোপচারের সময় শুক্রবার রাতে নাসির হোসেন (৫০) নামে ওই রোগীর মৃত্যু হয়। তিনি পৌর এলাকার উত্তর পৈরতলা মহল্লার মৃত রহিম উদ্দিনের ছেলে।

নাসিরের ছেলে জাকির হোসেন বলেন, পিত্তথলির পাথর অপসারণের জন্য গত বুধবার রাতে তার বাবাকে দি ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন।

“এরপর শুক্রবার রাতে বাবাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট এ কে এম নিজাম উদ্দিন অস্ত্রোপচার করেন।”

কিন্তু ভুল চিকিৎসার জন্য অপারেশন টেবিলে তার বাবা মারা যান এবং রাতেই ওই চিকিৎসকসহ হাসপাতালের নার্স ও কর্মচারীরা গা ঢাকা দেন বলে অভিযোগ করেন জাকির।

সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ভুল চিকিৎসার কারণে নাসির মারা গেছে পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ উঠলে ওই রাতেই ডা. এ কেএম নিজামসহ হাসপাতালের সব কর্মীরা গা ঢাকা দেন। এর জেরে শনিবার সকালে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ক্লিনিকে ভাংচুর চালান।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্লিনিক কর্তৃপক্ষের অনুরোধে আমি ওই রোগীর অস্ত্রোপচার করেছি। আমার চিকিৎসায় রোগীর মৃত্যু হয়নি।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। রোগীর স্বজনদের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।