২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার স্বজনদের কাছে ফিরবে মিয়ানমার ফেরত ৩৭ জন

মিয়ানমার থেকে ফেরত আসা ৩৭ বাংলাদেশিকে আনুষ্ঠানিকতা শেষে শনিবার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 04:59 AM

Updated : 12 Oct 2022, 03:53 PM

পুরনো খবর:

মিয়ানমার থেকে ফিরলেন আরও ৩৭ জন

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর।

তিনি বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৩৭ বাংলাদেশিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে। শনিবার জিজ্ঞাসাবাদ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

তাদের খাবার, চিকিৎসা এবং বাড়ি পৌঁছানো পর্যন্ত আইওএম সার্বিক সহযোগিতা দেবে বলে জানান আসিফ মুনীর।

শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ানমার।

এদের মধ্যে হবিগঞ্জের ১১ জন, কিশোরগঞ্জের আটজন, বগুড়ার সাতজন, সিরাজগঞ্জের পাঁচজন, সুনামগঞ্জের চারজন এবং মাদারীপুর ও জামালপুরের একজন করে রয়েছেন।

গত ২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের পর ২০০ জন বাংলাদেশি রয়েছে বলে দাবি করে মিয়ানমার। এর মধ্যে ১৫০ জনের পরিচয় যাচাই করে গত ৮ জুন তাদের দেশে ফিরিয়ে আনে বিজিবি।

পরে আরও ৩৭ জনের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হয়ে তাদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ নিয়ে ২০৮ জনের মধ্যে দুই দফায় ১৮৭ জনকে দেশে ফিরিয়ে আনা হল।

গত ২৯ মে মিয়ানমারের জলসীমায় পাচারকারীদের আরেকটি নৌকা থেকে ৭২৭ জনকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী, যাদের রোহিঙ্গা ও বাঙালি পরিচয় দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।