বিপদসীমার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
উজানের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডিমলা ও জলঢাকার উপজেলার ১১টি ইউনিয়নের ১৬টি চরগ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, নদীর পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে শুক্রবার সকাল ৬টায় নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেল ৩টায় পানি ১৩ সেন্টিমিটার কমে যায় বলে জানান এই কর্মকর্তা।
পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সব কয়টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।
এদিকে পানি বেড়ে তিস্তার আশেপাশের নিন্মাঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার শত শত মানুষ।
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তাপাড়ের পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, “আমার ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর ও পূর্বছাতনাই গ্রামের পাঁশ শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে। গত ১৩ জুন থেকে কয়েক দফায় নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় এসব গ্রামের মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।”
একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, নদীর পানিতে ইউনিয়নের চরখড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি, দক্ষিণ খড়িবাড়ি, পুর্বখড়িবাড়ি চরগ্রামের পাঁচ শতাধিক পরিবারের ঘর বাড়ি প্লাবিত হয়েছে।
