জনদুর্ভোগ: মোহাম্মদপুরে সড়ক পরিণত ভাগাড়ে
কলেজগেইট মোড় থেকে মোহাম্মদপুরে ঢোকার যে প্রবেশপথ, সেই গজনবী রোড নিয়ে দুর্ভোগের শেষ নেই মোহাম্মদপুরবাসীর।
এলাকার অন্যতম প্রধান সড়ক হিসেবে পরিচিত এই রাস্তাটির স্থানে স্থানে জমে আছে আবর্জনার স্তূপ, স্যুায়ারেজ লাইন থেকে রাস্তায় উপচে পড়ে আছে ময়লা, দুর্গন্ধময় পানি।
আর রাস্তার পাশে ফুটপাত নেই বললেই চলে, বিভিন্ন স্থানেই গড়ে উঠেছে রিকশা-সিএনজি অটোরিকশার গ্যারেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সরেজমিন পরিদর্শনে এ চিত্রই উঠে এসেছে।
এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গজনবী রোড নিবাসী বেসরকারি ব্যাংক কর্মকর্তা মাইনুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী বলব! এটা কোনও রাস্তা! এটা স্রেফ একটা ভাগাড়। এটা নিয়ে কথা বলে লাভ নেই।”
এমনিতেই বেহাল রাস্তা, তার উপর ফুটপাত দখল রিকশা ও অটোরিকশার গ্যারেজে, দুই মিলে ভোগান্তির শেষ নেই রাজধানীর মোহাম্মদপুরবাসীর। ছবি: তানভীর আহাম্মেদ
রাজধানীর কলেজ গেইট মোড় থেকে মোহাম্মদপুরে যাওয়ার পথে রাস্তার পাশের ডাস্টবিনটির কারণে প্রতিদিন নাকে হাত কিংবা কাপড় দিয়ে চলাচল করতে হয় নাগরিকদের। ছবি: তানভীর আহাম্মেদ
সেলিনা খান, মোহাম্মদপুর টাউনহল এলাকায় থাকেন এই গৃহবধূ।
জানালেন, তিন বছর আগে ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছেন। প্রতিদিন সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া এবং দুপুরে স্কুল থেকে নিয়ে আসতে এই রাস্তাটিই ব্যবহার করতে হয় তাকে।
“মোহাম্মদপুর এলাকার সবচেয়ে নোংরা রাস্তা এটা। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়। ফুটপাত দিয়ে হাঁটব, সে উপায়ও নেই, এমনিতেই রিকশা সিএনজিতে ফুটপাত দখল তারওপর লোকজন ফুটপাতও নোংরা করে রাখে।”
ময়লা পানি প্রসঙ্গে গজনবী রোডের সালাম মটরমের মালিক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ গত সাত আট বছর ধইরা এই অবস্থা। দুর্গন্ধে টিকা যায় না। কেউ এই রাস্তা পরিষ্কারের উদ্যোগও নেয় না। ১৫ দিন আগে আমরা কয়েকজন এলাকার কাউন্সিলর সাহেবের সাথে দেখা কইরা কইছিলাম, সামনে রমজান আইতাছে… রাস্তাডা পরিষ্কার করেন। উনি কইলেন- দেখতাছি। (উনার) দেহা এহনও শেষ হয় নাই।”
ফুটপাতের দিকে তাকালে সেলিনা খানের কথার সত্যতা চোখে পড়ে। পুরো রাস্তার দুই পাশের ফুটপাত জুড়ে সারি সারি রিকশা এবং সিএনজি অটোরিকশা রাখা। এগুলো মেরামতের কাজও করা হয় ফুটপাতেই।
বর্ষা শুরু হয়ে গেলেও এখনও শেষ হয়নি খোড়াখুঁড়ির কাজ। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোড থেকে তোলা। ছবি: তানভীর আহাম্মেদ
ডাস্টবিনের অব্যবস্থাপনায় দুর্ভোগে রাজধানীর মোহাম্মদপুরবাসীরা। ছবি: তানভীর আহাম্মেদ
সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তার যে সব জায়গায় ময়লা পানি ছড়াচ্ছে, তার অল্প খানিক দূরেই সিটি করপোরেশনের কন্টেইনার, যার ভেতরে এবং বাইরে আবর্জনার স্তূপ।
সিএনজি চালক স্বপন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবসময় যে এখানে সিএনজি থাকে, বিষয়টা তা না। সকালে যখন ড্রাইভাররা সিএনজি নিয়া বাইর হয়, আর দুপুরে বদলির টাইমে এইখানে ভিড় হয়।”
তবে সারাদিন পুরো ফুটপাত জুড়ে যে সিএনজি মেরামতের কাজ হয় তা স্বীকার করেছেন তিনি।
এ প্রসঙ্গে একজন সিএনজি মালিক মোহাম্মদ নাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, “সিএনজি কই রাখুম কন? জায়গা কই? আপনে জায়গা দিবেন?”
