২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গোলাগুলির পর পাঁচ ‘ডাকাত’ গ্রেপ্তার

যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা এলাকায় গোলাগুলির পর অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতি চালিয়ে আসছিল বলে পুলিশের ভাষ্য। 

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 03:26 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম শুক্রবার জানান, বৃহস্পতিবার শেষ রাতে পুলিশের সঙ্গে ওই ‘ডাকাত দলের’ গোলাগুলি হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

তিনি বলেন, “একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে যায়। এ সময় মাইক্রোবাস থেকে গুলি ছোড়া হলে পুলিশও পাল্টা গুলি চালায়।”

পরে ভেতর থেকে গুলি ছোড়া বন্ধ হলে পুলিশ মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করে যশোর হাসপাতালে পাঠায় বলে জানান আরিফুল।

গ্রেপ্তাররা হলেন- মুন্সীগঞ্জের মেদিনীমণ্ডল গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল হাই (৪০), খুলনার ডালমিল এলাকার আকবর আলী রওশনের ছেলে ফারুক ওরফে বাদশা (৪৪), সাভারের বাকুর্দা এলাকার নবাব মিয়ার ছেলে আনিসুর রহমান (৪২), ঝালকাঠির উত্তর কাঁঠালিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাসান আব্দুল্লাহ (২৪) এবং সিলেটের গোলাপবক্স শিলঘাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজিব হোসেন (২৯)।

মাইক্রোবাস তল্লাশি করে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান, তিনটি গুলি, ডিবি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি, ওয়াকিটকির চার্জার, একটি মেটাল ডিটেক্টর এবং হাতকড়া পাওয়া যায় বলে জানান আরিফুল।

তিনি বলেন, “এরা ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি করত।”

গোলাগুলির সময় আহত খাজুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদুর রহমান, কনস্টেবল তুহিন খান, দীপু ও আকিমুল ইসলাম যশোর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।