জঙ্গিদের রাসায়নিক সরবরাহ: ঢাবি কর্মচারীসহ গ্রেপ্তার ৪
জঙ্গি সংগঠনকে বিস্ফোরক বানানোর রাসায়নিক সরবরাহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারী ও তিন রাসায়নিক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন- ঢাকা বিশ্বাবিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ল্যাব সহকারী গাজী মোহাম্মদ বাবুল, টিকাটুলির রাসায়নিক বিক্রির দোকান এশিয়া সায়েন্টিফিকের মালিক রিপন মোল্লা, ওয়েস্টার্ন সায়েন্টিফিক কোম্পানির ব্যবস্থাপক মহিউদ্দিন এবং এফএম কেমিকেলসের মালিক মো. নাসির উদ্দিন।
বৃহস্পতিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৭ জুন গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হুজি ও আনসার উল্লাহ বাংলা টিমের ‘বোমা বিশেষজ্ঞদের’ জিজ্ঞাসবাদে পাওয়া তথ্যে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
“এরা একটি জঙ্গি গোষ্ঠীকে রাসায়নিক দ্রব্য সরবরাহ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, স্কুল-কলেজ বা কোনো প্রতিষ্ঠানের জন্য রাসায়নিক দ্রব্য কিনতে হলে ওই প্রতিষ্ঠানের নির্ধারিত প্যাডে, প্রতিষ্ঠান প্রধানের সইসহ কাগজ জমা দেওয়ার নিয়ম। কিন্তু গ্রেপ্তার দোকান মালিকরা এসব তথ্য যাচাই না করেই টাকার বিনিময়ে বিভিন্ন রাসায়নিক বিক্রি করেছেন, যা বিস্ফোরক বানাতে ব্যবহার করা হয়।
ল্যাব সহকারীর অপরাধ সম্পর্কে জানতে চাইলে মনিরুল বলেন, প্রাক্তণ ছাত্র পরিচয় দিয়ে তার মাধ্যমে বিস্ফোরক কেনা হয়েছিল।
মনিরুল ইসলাম বলেন, “টাকার জন্যই এই চারজন জঙ্গিদের রাসায়নিক দ্রব্য সরবাহ করেছিলেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের আদর্শগত মিল রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।”
