রোজায় পুলিশের বিশেষ অভিযান ঢাকায়
ঈদ সামনে রেখে রোজার মাসে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনস্বার্থ সুরক্ষা ও নাগরিক শৃঙ্খলা রক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে পবিত্র রমজান মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।”
ভেজাল বিরোধী অভিযান, বিভিন্ন পেট্রল পাম্পের অনিয়ম, কাঁচা বাজার ও দোকানে বাটখারা ও ওজন, বিভিন্ন হোটেলের খাদ্যমান ও পরিবেশ যাচাই, ফুটপাতে অবৈধ ও অস্বাস্থ্যকর ইফতারির দোকান উচ্ছেদ, ফুটপাতে অবৈধ ফলমূল ও কাঁচাবাজারের দোকান এবং হকার উচ্ছেদে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত।
এরমধ্যে রয়েছে- অভিযান পরিচালনায় জন্য কন্ট্রোলরুমে একটি সেকশন ফোর্স প্রস্তুত থাকবে, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পরিবহন বিভাগ থেকে পাওয়া গাড়িতে এই অভিযানে অংশ নেবেন, অভিযান চলাকালে সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার বা ভারপ্রাপ্ত কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী সহায়তা করবেন।
প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশের অপারেশন শাখায় কর্তব্যরত সহকারী কমিশনার/অতিরিক্ত উপ-কমিশনার অভিযানে স্বশরীরে উপস্থিত থেকে সহায়তা করবেন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার/সহকারী কমিশনার (অপারেশন) অভিযান পরিচালনার তারিখ, সময় ও এলাকা ঠিক করে সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার বা অতিরিক্ত উপ-কমিশনারকে জানাবেন।
ডিসি (পরিবহন) অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি দেবেন বলেও নির্দেশনায় জানানো হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) এস এম জাহাঙ্গীর আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজার মাসে ঢাকাবাসী যেন নিরাপদে ও স্বস্তিতে তাদের দরকারি কাজ করতে পারে সেই জন্য এই বিশেষ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পুরো রোজায় এই অভিযান চলবে বলেও জানান তিনি।
