২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে তৎপর ‘অজ্ঞান পার্টি’

রাজধানীতে চেতনানাশক ব্যবহার করে পথযাত্রীদের সর্বস্ব লুটে নেওয়া ছিনতাইকারী চক্রের ২১ সদস্যকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 05:12 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

গোয়েন্দা পুলিশ বলছে, এই চক্রের সদস্যরা ঈদ সামনে রেখে তৎপরতা চালানোর পরিকল্পনায় ছিল।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) এস এম জাহাঙ্গীর আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গল ও বুধবার ঢাকার নারায়গঞ্জ-যাত্রাবাড়ী সড়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ এবং হাই কোর্ট এলাকায় অভিযান চালিয়ে ওই ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করে পুলিশ।

পরে আটক সবাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয় বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান।  

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঈদ সামনে রেখে তারা মানুষকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুটে নিতে চেয়েছিল।”

সাধারণ ফৌজদারী মামলার মত হাকিম আদালতে হাজির না করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ব্যাখ্যাও তিনি সাংবাদিকদের দেন। 

মনিরুল বলেন, “এদের যদি আটকের পর মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হত, তবে আইনের ফাঁকফোকর দিয়ে তারা আবার বের হয়ে যেত। তাই তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) তিনটি দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

২১ জনের মধ্যে ১২ জনকে দুই বছর, ছয় জনকে এক বছর এবং তিন জনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ‘এই কাজে’ রয়েছে এবং তারা আগেও পুলিশের হাতে আটক হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশেই এ ধরনের প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যায়। সাধারণ মানুষের ভাষায় কাছে ‘অজ্ঞান পার্টি’ হিসাবে পরিচিত।

এদের খপ্পরে পড়ে চেতনানাশক ওষুধের প্রতিক্রিয়ায় অনেকেরই মৃত্যু হয়েছে। অনেকে আবার সর্বস্ব হারিয়ে দীর্ঘ মেয়াদী শারীরিক সমস্যায় ভুগেছেন।