২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর পড়তে বসা হলো না তপুর

প্রাইভেট পড়িয়ে মেসে ফিরে বন্ধুর সঙ্গে পড়তে বসবে বলে ঘর থেকে বেরিয়েছিলেন সত্যপ্রিয় দাশ তপু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 02:46 AM

Updated : 12 Oct 2022, 03:53 PM

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর একটি মেসের বাসিন্দা সহপাঠী অরবিন্দ ধরের সঙ্গে এই ছিল তপুর শেষ কথা।

এরপর সকাল ৯টার দিকে বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে ট্রাক চাপায় তপুর মৃত্যু হয়।

এর কয়েক ঘণ্টা পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গের সামনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে অরবিন্দ বলছিলেন তপুর কথা। তাকে ঘিরে ছিল আরও অর্ধশত শিক্ষার্থী।

অরবিন্দ বলেন, তৃতীয় বর্ষ পর্যন্ত পরীক্ষার ফলাফলে তপুর প্রথম শ্রেণির নম্বর ছিল। ১১ জুলাই শুরু হবে তাদের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষা।

তপুর বাবার মৃত্যু হয়েছে এক বছর আগে। তাই চার জায়গায় প্রাইভেট পড়িয়ে নিজের পড়ার খরচ চালাতে হতো তাকে।

“সকালে আমাকে ঘুম থেকে ডেকে দিয়ে তপু বলে- ওঠ। দুজনই টিউশনি করে আসি। তারপর একসঙ্গে পড়তে বসব।”

নিহত তপু (২৪) নগরীর সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তপুর বাড়ি কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটার মৃত স্বপন দাশের ছেলে।

তপুর এক সহপাঠিনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দিন আগে তাদের বিদায় অনুষ্ঠান হয়। সবাই ছিলেন, একসঙ্গে খাওয়া-দাওয়া করেছেন।

“ওই বিদায় অনুষ্ঠানই যে শেষ বিদায় হবে তা ভাবিনি,” বলেন তিনি।

তপুর শিক্ষক-শিক্ষার্থী সবার প্রিয় ছিলেন বলে জানান তিনি।

Image
সত্যপ্রিয় দাসের সহপাঠীরা সড়ক অবরোধ করেন প্রবর্তক মোড়ে

সত্যপ্রিয় দাসের সহপাঠীরা সড়ক অবরোধ করেন প্রবর্তক মোড়ে

Image
মরদেহ ঘিরে সত্যপ্রিয়র সহপাঠীদের আহাজারি

মরদেহ ঘিরে সত্যপ্রিয়র সহপাঠীদের আহাজারি

দুপুর ২টার দিকে ময়নাতদন্ত শেষে তপুর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা বিলাপ করে ওঠেন।

এর আগে বেলা ১২টার দিকে তপুর মৃত্যুর ঘটনায় ট্রাক চালক ও মালিককে গ্রেপ্তারের দাবিতে প্রবর্তক মোড় ও হাসপাতাল মর্গের সামনের সড়ক অবরোধ করেন তার সহপাঠীরা।

তপুর মামা শ্রীধাম দাশ জানান, এক বছর আগে তার বাবা মারা গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তপু।

“আমার বোন সব সময় বলত ছেলে পাশ করে বের হলে চাকরি করবে। তখন দুঃখের দিন শেষ হবে। আমার বোনের দুঃখ আর শেষ হলো না।”

রাস্তার উল্টো দিকে ট্রাক চালানোর কারণেই তপুর মৃত্যু হয়েছে দাবি করে তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

পাঁচলাইশ থানার এসআই ওয়ালী উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় ট্রাকসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে।

সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উল্টো দিক থেকে বেপরোয়াভাবে ট্রাকটি আসছিল।

২৪ ঘণ্টার মধ্যে ট্রাক চালক ও মালিককে গ্রেপ্তার না হলে তারা আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।

বিকালে নগরীর বলুয়ার দিঘি শ্মশানে তপুর দাহ সম্পন্ন হয় বলে জানান আবু তাহের।